বক্তব্য না শুনে দেওয়া সাজা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্রা‏হ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে লাঙ্গল প্রতীকে জাল ভোট প্রদানে সহায়তা দেওয়ার দায়ে সরাইলের উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদ ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিনের বিরুদ্ধে দেওয়া সাজা বাতিল হয়েছে। একই সঙ্গে তাঁদের মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। আজ রোববার জেলা দায়রা জজ আদালতে শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, গত বৃহস্পতিবার আসামি পক্ষের আইনজীবী শেখ বাহারুল ইসলাম ও সৈয়দ তানভীর হোসেন জেলা দায়রা জজ মো. কাউছার মিয়ার আদালতে উপস্থিত হয়ে শিউলি ও আশরাফের অন্তর্বর্তী জামিন প্রার্থনা করলে আদালত তাঁদের জামিন মঞ্জুর করে ১৯ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছিলেন। আজ শিউলি ও আশরাফের উপস্থিতিতে শুনানি শেষে আদালত সাজা বাতিল করে তাঁদের মামলা থেকে খালাস দেন।
প্রসঙ্গত, ৫ জানুয়ারি নির্বাচন চলাকালে দুপুরে নির্বাচন-সংক্রান্ত বিশেষ আদালতের ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন শিকদার উপজেলা সদরের উচালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে লাঙ্গল প্রতীকে জাল ভোট দেওয়ার সময় হাতেনাতে তিন নারী সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করেন। তাঁরা হলেন কোহিনুর বেগম, জোবেদা বেগম ও নাছিমা বেগম। পরে তাঁদের দেওয়া লিখিত বক্তব্যের ভিত্তিতে শিউলি ও আশরাফকে পাঁচ বছর করে এবং তিন নারী সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে তিন বছর করে কারাদণ্ড দেন। তবে শিউলি ও আশরাফকে ঘটনাস্থলে পাওয়া যায়নি এবং কারাদণ্ডাদেশ দেওয়ার সময় তাঁদের কোনো বক্তব্যও নেওয়া হয়নি।
এ নিয়ে ৭ জানুয়ারি ‘প্রথম আলো’র পাঁচ নম্বর পৃষ্ঠায় ‘বক্তব্য না শুনেই কারাদণ্ড!’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে সাজাপ্রাপ্ত দুজন ঘটনাস্থলে না থাকা এবং তাঁদের বক্তব্য উপস্থাপনের সুযোগ না দিয়েই কারাদণ্ড দেওয়া আইনসম্মত নয় বলে মত দিয়েছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিষয়টি বেশ আলোচনার সৃষ্টি হয়।
উল্লেখ্য, শিউলি আজাদ উপজেলা আওয়ামী লীগের প্রয়াত জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ইকবাল আজাদের স্ত্রী। তিনি এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। পরে দলের নির্দেশে মনোনয়ন প্রত্যাহার করে লাঙ্গল প্রতীকের প্রার্থী জিয়াউল হক মৃধাকে সমর্থন দেন।