বক্তব্য না শুনেই কারাদণ্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের একটি ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার অপরাধে তিনজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত রোববার নির্বাচনসংক্রান্ত বিশেষ আদালতের বিচারক এ দণ্ড দেন। সাজাপ্রাপ্ত দুজন ঘটনাস্থলে ছিলেন না। তাই তাঁদের অনুপস্থিতিতে ও বক্তব্য উপস্থাপনের সুযোগ না দিয়েই কারাদণ্ড দেওয়া আইনসম্মত হয়নি বলে মত দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলা আওয়ামী লীগের প্রয়াত জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ইকবাল আজাদের স্ত্রী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন, তিনজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা কোহিনুর বেগম, জোবেদা বেগম ও নাছিমা বেগম।
শিউলি আজাদ দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। পরে দলের নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করে জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল প্রতীক) জিয়াউল হক মৃধাকে সমর্থন দেন।
পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্র জানা গেছে, যুগ্ম জেলা জজ কামাল হোসেন শিকদার রোববার বেলা সোয়া একটার দিকে উপজেলা সদরের উচালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান। তখন তিনি ওই তিন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে লাঙ্গল প্রতীকের ব্যালটে সিল মারতে দেখেন। এ সময় তিনি পুলিশকে তাঁদের আটক করার নির্দেশ দেন এবং তাঁদের কাছ থেকে সিল মারা ৫০টি ব্যালট জব্দ করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ওই তিন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা পুলিশকে লিখিতভাবে জানান, শিউলি আজাদ ও আশরাফ উদ্দিনের নির্দেশে তাঁরা জাল ভোট দিতে সহায়তা করেছেন।
নির্বাচনের দিন গত রোববার সন্ধ্যায় জেলা সার্কিট হাউস ভবনে বিচারক কামাল হোসেন শিউলি আজাদ ও আশরাফ উদ্দিনকে পাঁচ বছর করে এবং ওই তিন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে তিন বছর করে কারাদণ্ডের আদেশ দেন। এ তিন কর্মকর্তাকে রোববার রাতেই জেলহাজতে পাঠানো হয়েছে।
শিউলি আজাদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি কেন্দ্রের বাইরে ছিলাম। আমি ভোট দিতে যাইনি। আমার স্বামীকে যাঁরা মেরেছেন, তাঁরাই এ চক্রান্ত করেছেন।’
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, জাল ভোট দেওয়ার সময় হাতেনাতে তিন কর্মকর্তাকে আটক করা হয়। তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে ওই পাঁচজনকে সাজা দেওয়া হয়েছে।
একজন বিচারিক হাকিম বলেন, ‘অভিযুক্তকে হাতেনাতে ধরতে হবে, অভিযুক্তের বক্তব্য থাকলে তা শুনতে ও লিপিবদ্ধ করতে হবে। এতে অভিযোগ প্রমাণিত হলে আদালত শাস্তি দিতে পারেন।’