বক্তব্য প্রত্যাহার করলেন নৌমন্ত্রী
পয়লা বৈশাখে নারী লাঞ্ছনার ঘটনাকে ‘তেমন বিষয় নয়’ বলে করা মন্তব্য প্রত্যাহার করে নিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। গতকাল বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পয়লা বৈশাখে নারীদের লাঞ্ছনার বিষয়ে মন্ত্রী তাঁর বক্তব্যে যা বোঝাতে চেয়েছেন, তা সঠিকভাবে উপস্থাপিত হয়নি। এ বিষয় নিয়ে জনমনে বিভ্রান্তি দেখা দেওয়ায় মন্ত্রী তাঁর বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন। কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করেন শাজাহান খান।
গত মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবসে এক অনুষ্ঠানে নৌমন্ত্রীর এই বক্তব্য ঘিরে তীব্র সমালোচনা হচ্ছে। বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী আয়শা খানম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু এক বিবৃতিতে নৌমন্ত্রীর বক্তব্যের নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।
গণফোরাম ঢাকা মহানগর শাখার এক কর্মিসভায় নৌমন্ত্রীর বক্তব্যে ক্ষোভ প্রকাশ করা হয়।