বক্তব্য শুনতি আইছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখনো তিনি পৌঁছাননি। রাস্তার দুধারে মানুষ আর মানুষ। তবে নারীরাই বেশি। প্রিয় নেত্রীকে শুভেচ্ছা জানাতে বেলা দুইটা থেকেই তাঁরা প্রায় সবাই বর্ণিল শাড়ি পরে অপেক্ষা করছেন। সাড়ে তিনটার দিকে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্লোগান আর করতালির মাধ্যমে প্রধানমন্ত্রীকে বরণ করে নেন ইডেন কলেজের ছাত্রীরা। সেখানে ইডেন মহিলা কলেজের ছাত্রীনিবাসের উদ্বোধন করেন তিনি।

এরপর প্রধানমন্ত্রী আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজকে সরকারীকরণের ঘোষণা দিতে সেখানে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেন। সরকারি নিরাপত্তা-ব্যবস্থার মধ্যে অনেক মানুষ সেখানে যেতে পারেননি। তাতে কী, তাঁর কথা শুনতে নীলক্ষেত মোড় থেকে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত রাস্তার দুধারে মাইকের নিকট মানুষের ছিল উপচে পড়া চাপ।

প্রথম আলো ডটকমের সঙ্গে কথা হচ্ছিল ঢাকা কলেজের শিক্ষার্থী জসিম হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘কোনো দল করি না। কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্য ভাল লাগে। তাঁর নিজের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য আশার বাণী শোনাচ্ছেন। তাঁর নিজের গল্প বলেছেন। এই জন্য তাঁর বক্তব্য শুনতি আইছি।’

ইডেন কলেজের শিক্ষার্থী ইসরাত খানম প্রথম আলো ডটকমকে বলেন, ‘ভিআইপির আগমন হলে কলেজে সাজ সাজ রব পড়ে যায়। প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার মজাই আলাদা।’

ক্ষুদ্র ব্যবসায়ী আবদুল আউয়াল বলেন, প্রধানমন্ত্রী আমাগো এলাকাতে আইছেন ভালো লাগতাছে।’ ‘তিনি আইছেন বইলা’ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করায় উচ্ছ্বাসও প্রকাশ করেন তিনি।

স্থানীয় আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর আলম প্রথম আলো ডটকমকে বলেন, ‘সামনে নির্বাচন। এ জন্য আমরা প্রধানমন্ত্রীকে একটু অন্যভাবে স্বাগত জানাতে রাস্তায় দাঁড়িয়ে আছি।’

এদিকে প্রধানমন্ত্রীর আগমনে তাঁর উদ্দেশ্যে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা শুভেচ্ছা জানিয়ে রাস্তার দুধারে পোস্টার, বিল বোর্ড, ব্যানার টানায় ও তোরণ নির্মাণ করে। মোট কথা, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরো নিউমার্কেট, নীলক্ষেত ও আজিমপুর এলাকায় উত্সবমুখর পরিবেশ বিরাজ করে।