বক্তব্য শেষ না করেই সাংসদের সভা ত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়া এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার কারণে একটি সমবায় সমিতির অনুষ্ঠানে বক্তব্য শেষ না করেই চলে যান স্থানীয় সাংসদ। আশুলিয়ার ধলপুরে গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
আশুলিয়া থানা-পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ধলপুর বহুমুখী আদর্শ সমবায় সমিতির এক যুগপূর্তি উপলক্ষে গতকাল বিকেলে ধলপুর চৌরাস্তায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমবায় সমিতির পক্ষ থেকে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন স্থানীয় সাংসদ এনামুর রহমান। এলাকার বিশিষ্টজনদের না জানিয়ে অনুষ্ঠানের আয়োজন করায় অনেকেই ক্ষুব্ধ হন। এর প্রতিক্রিয়া হিসেবে অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ পর জাতীয় পার্টি ও জাতীয় যুবসংহতির নেতা-কর্মীসহ অর্ধশতাধিক লোক সেখানে হামলা চালান। সাংসদ এনামুর রহমান তখন বক্তব্য দিচ্ছিলেন।
হামলা চালিয়ে বিক্ষুব্ধ নেতা-কর্মী ও জনতা অনুষ্ঠানস্থলের চেয়ার ভাঙচুর করেন। এ সময় অনুষ্ঠানের আয়োজকেরা তাঁদের প্রতিহত করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সাংসদ এনামুর রহমান বক্তব্য শেষ না করেই মঞ্চ থেকে নেমে দ্রুত গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি শান্ত হয়।
বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের আশুলিয়া থানা শাখার সাংগঠনিক সম্পাদক ও ধলপুর সমিতির সভাপতি শহীদুল আলমের ছেলে ফেরদৌস আলম বলেন, কোনো কারণ ছাড়াই জাতীয় পার্টির লোকজন তাঁদের অনুষ্ঠানে হামলা চালায়।
অভিযোগ অস্বীকার করে জাতীয় যুব সংহতির ঢাকা জেলার সদস্যসচিব আবুল হাসনাত বলেন, এলাকার বিশিষ্টজনদের আমন্ত্রণ না করায় অনুষ্ঠান বন্ধ করতেই সেখানে হামলা চালানো হয়।
আশুলিয়া থানার ওসি মোস্তফা কালাম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে উভয় পক্ষের মধ্যে গোলযোগ হয়। এ সময় সাংসদ এনামুর রহমান বক্তব্য সংক্ষিপ্ত করে ঢাকায় চলে যান।
সন্ধ্যার দিকে মুঠোফোনে সাংসদ এনামুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংসদে আছেন বলে সংযোগ কেটে দেন।