বক্তব্য শেষে ঢলে পড়লেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মিসভায় বক্তব্য দিয়ে আসনে বসেই ঢলে পড়লেন বিএনপির নেতা মুক্তিযোদ্ধা সৈয়দ আলমগীর হোসেন (৫৯)। তাঁকে দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গত শনিবার ঘটনাটি ঘটে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুরিয়া ইউনিয়নের বেড়ির হাট এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে বেড়ির হাটে ইউনিয়ন বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি সৈয়দ আলমগীর হোসেন। সন্ধ্যায় তিনি বক্তব্য শেষ করে আসনে গিয়ে বসেই ঢলে পড়েন। তাঁকে দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই কর্মিসভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা শাহ মো. আবু জাফর। সৈয়দ আলমগীর হোসেনের বাড়ি উপজেলার বুরাই ইউনিয়নের হিদাডাঙ্গা গ্রামে। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। আলমগীর হোসেনের স্ত্রী আয়শা বেগম জানান, গতকাল রোববার দুপুরে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।