বক্তব্যের ব্যাখ্যা চায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় অনুভূতিতে আঘাত করে আওয়ামী ওলামা লীগের দেওয়া ‘সাম্প্রদায়িক’ বক্তব্যের সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। সরকারি দলের নাম ভাঙিয়ে সংগঠনটি সরকারবিরোধী, দেশবিরোধী, ধর্মবিরোধী অপতৎপরতা চালাচ্ছে বলে জানায় তারা।

আজ সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এসব বক্তব্য দেওয়া হয়। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।

সংবাদ সম্মেলনে বলা হয়, আওয়ামী ওলামা লীগ সরকারি চাকরিতে নিয়োগ, পদোন্নতির নামে হিন্দু তোষণ করা হচ্ছে বলে বক্তব্য দিয়েছে। গত ২৪ ডিসেম্বর দলটি পাঠ্যপুস্তক থেকে হিন্দু লেখকদের লেখা বাতিলের দাবি জানায়। এমনকি চলমান শিক্ষানীতিকে ইসলামবিরোধী উল্লেখ করে তা বাতিলের দাবি জানায়। এর আগে পয়লা বৈশাখ বিরোধী বক্তব্যও দিয়েছে ওলামা লীগ।

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বলেছে, আওয়ামী ওলামা লীগের এ ধরনের বক্তব্যে জনমনে নানা প্রশ্ন ও উদ্বেগ জন্মেছে। এতে জনগণ বিভ্রান্ত হয়েছে। সরকার ও সরকারি দলের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে। কোনো প্রকার মিথ্যা, কুরুচিপূর্ণ, ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে ধর্মীয়, জাতিগত ও আদিবাসী জনগোষ্ঠীকে তাঁদের অধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার দাবি থেকে বিচ্যুত করা যাবে না বলে তাঁরা জানায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিমচন্দ্র ভৌমিক, কাজল দেবনাথ, সুব্রত চৌধুরী, মিলন দত্ত প্রমুখ।