বক্তৃতা করে চলে গেলেন আসামি, পরে এলেন ওসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত হলেও দ্রুত বিচার আইনের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেনি পুলিশ। তাঁকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেরি করে সভায় আসেন বলে অভিযোগ উঠেছে।

ওই আসামি হলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফারুক। গত মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় তিনি কমিটির সদস্য হিসেবে বক্তৃতাও করেন। এ সময় প্রধান অতিথি ছিলেন ক্ষমতাসীন দলের চিফ হুইপ ও স্থানীয় সাংসদ আ স ম ফিরোজ।

আইনশৃঙ্খলা কমিটির ওই সভায় উপস্থিত একাধিক সদস্য বলেন, গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সভা শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এতে সভাপতিত্ব করেন। সভা বিকেল পৌনে চারটা পর্যন্ত চলে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার, মদনপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মোস্তফা, বাউফল ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. হুমায়ন কবির, বাউফল সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র পাল প্রমুখ।

সভায় ওসি দেরিতে আসায় চিফ হুইপ আ স ম ফিরোজ ক্ষুব্ধ হন। তিনি বাউফল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউল হককে ইঙ্গিত করে বলেন, ‘তিনি (ওসি) চলেন অন্যের (জিয়াউল হকের) পরামর্শে। এ কারণে আইনশৃঙ্খলার অবনতি ঘটছে।’ পুলিশকে উদ্দেশ করে তিনি বলেন, ‘পুলিশ প্রশাসন আমার, আমারই থাকেন। আগামী দিন থেকে আমাকেই ফলো করেন, আমি আপনাদের সম্মান দেব। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, দল আগামী নির্বাচনে আমাকেই মনোনয়ন দেবে।’

এ বিষয়ে বাউফল থানার ওসি আযম খান ফারুকী বলেন, ‘আইনশৃঙ্খলা কমিটির সভায় আসামি থাকায় আমি উপস্থিত হইনি। আমি আসলে আসামিকে গ্রেপ্তার করতে হতো। তখন চিফ হুইপের সামনে বিব্রতকর পরিস্থিত তৈরি হতো। এ কারণে আসামি চলে যাওয়ার পর আমি সভায় উপস্থিত হই। থানায় আইনশৃঙ্খলার অবনতি ঘটেনি। এখানে আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধ থাকায় মাঝেমধ্যে পরিস্থিতি অশান্ত হয়।’

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ২১ জুন উপজেলা পরিষদের চেয়ারম্যানের সরকারি কার্যালয়ে হামলা ও ভাঙচুর এবং এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে লাঞ্ছিতের ঘটনায় গত ২৫ জুন দ্রুত বিচার আইনে বাউফল থানায় মামলা হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, বাউফল পৌরসভা শাখা যুবলীগের সভাপতি মামুন খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সম্পাদক মো. রিয়াজুল ইসলামসহ আরও অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাউফলে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এক পক্ষের নেতৃত্বে আছেন আ স ম ফিরোজ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফারুক হুইপের পক্ষ হিসেবে পরিচিত। অপর পক্ষে রয়েছেন বাউফল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউল হক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. মজিবুর রহমান।