বক্ষব্যাধিতে আক্রান্ত তিন কোটি মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বক্ষব্যাধিতে আক্রান্ত ব্যক্তির সংখ্যা প্রায় তিন কোটি। পরিবেশদূষণ, দারিদ্র্য, ঘনবসতি এবং ধূমপানের কারণে এ রোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তবে একটু সচেতন হলেই বক্ষব্যাধি প্রতিরোধ করা সম্ভব।গতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ফুসফুসের স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ‘পালমোকন-২০১০’-এ এসব তথ্য জানানো হয়। বাংলাদেশ লাং ফাউন্ডেশন দ্বিতীয়বারের মতো এই সম্মেলনের আয়োজন করে।দুই দিনব্যাপী এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, চীন, থাইল্যান্ড, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কার বিশেষজ্ঞ চিকিৎসকেরা অংশ নিচ্ছেন। উদ্বোধনী দিনে বৈজ্ঞানিক সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, দেশে ফুসফুসের বিভিন্ন রোগের মধ্যে আছে হাঁপানি (অ্যাজমা), ফুসফুসে বাধাজনিত শ্বাসকষ্ট (সিওপিডি), নিউমোনিয়া, ব্রংকিওলাইটিস, ব্রংকাইটিস, যক্ষ্মা, ফুসফুসের ক্যানসারসহ অন্যান্য জীবাণুঘটিত সংক্রমণ। এসব রোগে আক্রান্ত হলে রোগীরা চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় করেন। কিন্তু একটু সচেতন হলেই এসব রোগ থেকে রক্ষা পাওয়া যায়। সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মাহমুদ হাসান বলেন, ধূমপানবিরোধী প্রচারণা চালানো এবং সিএফসিমুক্ত ইনহেলার ব্যবহার করলে ফুসফুসের রোগ কমিয়ে আনা সম্ভব। বিএমএর মহাসচিব শারফুদ্দিন আহমেদ বলেন, পরিবেশদূষণের কারণে ফুসফুসের নানা রোগ হয়। কীভাবে পরিবেশদূষণ কমিয়ে রোগের হাত থেকে বাঁচা যায়—সে উপায় বের করতে হবে। বাংলাদেশ লাং ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক আলী হোসেন বলেন, কয়েকটি সরকারি মেডিকেল কলেজে ফুসফুসের রোগ নিয়ে আলাদা ইউনিট (রেসপিরেটরি ইউনিট) চালু হয়েছে। তবে ফুসফুসের রোগ বাড়ায় দেশের প্রতিটি সরকারি মেডিকেল কলেজে রেসপিরেটরি ইউনিট প্রতিষ্ঠা করা প্রয়োজন। যেসব মেডিকেল কলেজে রেসপিরেটরি ইউনিট স্থাপন করা হয়েছে সেখানে প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা করার দাবি জানান তিনি। বিশেষজ্ঞরা জানান, সিএফসি (ক্লোরোফ্লোরো কার্বন) ওজোনস্তরের ক্ষতি করে পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটায়। এ কারণে সারা বিশ্বেই সিএফসিযুক্ত ইনহেলারের বিকল্প খোঁজা হচ্ছে।