বক্স কালভার্ট ভাঙা হবে: সাঈদ খোকন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাঈদ খোকন
সাঈদ খোকন
দু-তিন বছরের আগে জলাবদ্ধতা ও যানজট থেকে ঢাকাবাসীর মুক্তির কোনো সম্ভাবনা দেখছেন না দুই মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন। তাঁরা বলেছেন, জলাবদ্ধতা ও যানজট দূর করতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এগুলো বাস্তবায়িত হলেই হয়তো কিছুটা সুরাহা হবে সমস্যার। এ বিষয়ে দুই মেয়রের সঙ্গে কথা বলেছেন প্রথম আলোর নগর সম্পাদক কামরুল হাসান

প্রথম আলো: নির্বাচনে আপনার অনেক প্রতিশ্রুতি ছিল নগরবাসীর জন্য। দায়িত্ব নেওয়ার পর ১০০ দিন অতিবাহিত হয়েছে। কিন্তু এরই মধ্যে বৃষ্টিতে নগরবাসী তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হলেন। কেন এ অবস্থা, আপনি কী বলবেন?

সাঈদ খোকন: ঢাকা শহরের যে জলাবদ্ধতা, সেটা আজকের সমস্যা নয়। এটা দীর্ঘদিনের পরিকল্পনাহীন সমন্বিত উদ্যোগের ফসল। যেমন বক্স কালভার্ট নির্মাণ করা ভুল ছিল। যেসব জায়গা দিয়ে পানি নেমে যাবে, সেখানে হাউজিং ব্যবসায়ীরা বাড়ি নির্মাণ করে পানি নামার পথ বন্ধ করে দিয়েছেন। ঢাকা শহরে যে ড্রেন আছে, সেগুলো ১৪টি সংস্থার নিয়ন্ত্রণে। একটির সঙ্গে আরেকটির সমন্বয় নেই। সবকিছু মিলিয়ে পরিস্থিতি খুবই জটিল।

প্রথম আলো: তাহলে এর কি কোনো সমাধান সম্ভব নয়?

সাঈদ খোকন: সমাধান যে সম্ভব নয়, সেটা বলছি না। তবে এর জন্য সময় প্রয়োজন। আমরা গত শনিবার বিশেষজ্ঞদের নিয়ে বসেছিলাম। নগর পরিকল্পনাবিদ, প্রকৌশলীরা ছিলেন। সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করেছি। এর আলোকে একটি উন্নয়ন পরিকল্পনা তৈরি করব।

প্রথম আলো: এটা তো দীর্ঘমেয়াদি লম্বা পরিকল্পনা, কম সময়ে কিছু করা যায় না?

সাঈদ খোকন: এ পরিকল্পনার তিনটি স্তর আছে। একটা স্বল্পমেয়াদি সমস্যা সমাধানের কর্মপরিকল্পনা আছে। আর আছে মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা। স্বল্পমেয়াদির মধ্যে আছে রাস্তাগুলো সমান্তরাল করা, ড্রেনগুলো পরিষ্কার রাখা, যেখানে ড্রেন বন্ধ আছে, সেগুলো খুলে দেওয়া—এসব। এসব কাজ ঠিকমতো করা হলে ১০০ ভাগ না হলেও ৩০-৪০ ভাগ সমস্যার সমাধান হবে। আশা করি এতে জলাবদ্ধতা কমে যাবে। তাতে হয়তো দু-তিন বছর সময় লাগতে পারে। এ সময়টুকু তো দিতেই হবে।

প্রথম আলো: আর দীর্ঘমেয়াদি পরিকল্পনায় কী থাকবে?

সাঈদ খোকন: সমস্যাগুলোর স্থায়ী সমাধান করা। যেমন বক্স কালভার্টগুলো ভেঙে পরিষ্কার করা ছাড়া এখন আর কোনো বিকল্প নেই। কারণ, কালভার্টের ভেতরে ময়লার স্তর জমে শক্ত হয়ে গেছে। পানিপ্রবাহে প্রতিবন্ধকতা তৈরি করছে।

প্রথম আলো: বক্স কালভার্টের ওপর দিয়ে রাস্তা হয়েছে। হাজার হাজার গাড়ি ও মানুষ এসব রাস্তায় চলাচল করছে। আপনি বলছেন সেগুলো ভাঙবেন। এতে নতুন সংকট তৈরি হবে না?

সাঈদ খোকন: অবশ্যই কাজটি চ্যালেঞ্জিং। এখানে লাখ লাখ লোক যাতায়াত করে। সমস্যা হবেই। তবে কাজটিও করতে হবে। হয়তো কিছুটা জায়গা উন্মুক্ত করে আর কিছুটা চলাচলের জন্য রেখে করা যেতে পারে। সমস্যাটা কিন্তু হয়ে গেছে। কাজেই আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে।

প্রথম আলো: জলাবদ্ধতার সঙ্গে এখন হচ্ছে তীব্র যানজট, এটা নিয়ে আপনি কী ভাবছেন?

সাঈদ খোকন: এটি আরেকটি কঠিন সমস্যা। কীভাবে হবে, সেটাও আমরা ঠিক বুঝতে পারছি না। বিশ্বব্যাংকের টাকায় রাস্তায় সংকেত ঠিক করার প্রকল্প আছে। কিন্তু সেটা ঠিকমতো কার্যকর হয়নি। এখন ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করার চেষ্টা করে যাচ্ছি আমরা। আসলে ঢাকায় এত সমস্যা, সমাধান করা খুব কঠিন।

প্রথম আলো: তাহলে এ অবস্থা থেকে উত্তরণেরকী উপায়?

সাঈদ খোকন: সুখবর হচ্ছে, আমরা সমস্যাগুলো চিহ্নিত করেছি, সমাধানের পথও ঠিক করেছি। তবে আশার কথা হলো মেট্রোরেলের কাজ শেষ হলে যানজট কমে যাবে। সেটা শেষ না হওয়া পর্যন্ত ভোগান্তি কিছুটা থাকবে, সেটা তো সহ্য করতেই হবে। এ ছাড়া ফ্লাইওভারগুলোর কাজ শেষ হলে যানজট অনেকটাই কমে যাবে। এমনিতে দক্ষিণ সিটি করপোরেশনে যানজট উত্তরের তুলনায় কম।

প্রথম আলো: নগরবাসী কি এখন আশাবাদী হতে পারেন…

সাঈদ খোকন: আমি তো নগরবাসীর বাইরে কেউ নই। সাধারণ মানুষের মতো আমি নিজেও যানজটের ভুক্তভোগী। কালকে আমি তিন ঘণ্টা জলজট-যানজটে ছিলাম। আজও রাস্তায় নেমে জলাবদ্ধতা দেখেছি। আমি নগরবাসীর দুঃখ বুঝি, তাদের সমস্যা সমাধানের চেষ্টা করি। পারি কি পারি না, সেটা জনগণই মূল্যায়ন করবেন।


আরও পড়ুন