বক্সে ছিল না পুলিশ পাশেই ডাকাতি
জয়পুরহাটের আক্কেলপুরে গত রোববার রাতে আক্কেলপুর-জয়পুরহাট সড়কের আমুট্ট রেলক্রসিংয়ের মোড়ে গাছ ফেলে যানবাহনে ডাকাতি হয়েছে। ডাকাতরা শ্যামলী পরিবহনের একটি বাস, মালামাল বোঝাই ট্রাক ও মোটরসাইকেল আটকিয়ে লক্ষাধিক টাকার মালামাল লুট করে। ঘটনাস্থলের মাত্র ১৫ গজ দূরে পুলিশ বক্স থাকলেও সেখানে কোনো পুলিশ ছিল না।এ ঘটনায় পুলিশ বক্সে দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মঈনউদ্দিন ও কনস্টেবল মোজাফফর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোজাম্মেল হক। জানতে চাইলে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদার রহমান বলেন, রোববার রাতে পুলিশ ওই সড়কে দায়িত্ব পালন করছিল। সড়কের পাশে কানুপুর গ্রামে তাস খেলা হচ্ছে মুঠোফোনে এমন সংবাদ পাওয়ায় তাদের সেখানে পাঠানো হয়। এই সুযোগে পুলিশ বক্সের সামনে ডাকাতি হয়। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।শ্যামলী পরিবহনের আক্কেলপুর কাউন্টারের ব্যবস্থাপক ওম প্রকাশ আগরওয়ালা জানান, রোববার ১০টা পাঁচ মিনিটে তাঁদের একটি কোচ পৌর শহরের পুরোনো বাজার কাউন্টার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। কিছুক্ষণ পরেই মুঠোফোনে বাসের সুপারভাইজার জানান, তাঁরা আমুট্ট রেলক্রসিংয়ের মোড়ে ডাকাতের কবলে পড়েছেন। তিনি ঘটনা থানার ওসিকে জানিয়ে স্থানীয় লোকজন নিয়ে ঘটনাস্থলে যান।শ্যামলী পরিবহনের চালক মোজাম্মেল হোসেন জানান, ডাকাত দেখে হেলপার বাসের দরজা-জানালা বন্ধ করে দেয়। পরে জানালা ভেঙে ১০-১২ জনের হাফপ্যান্ট-গেঞ্জি পরা ডাকাত বাসে ঢুকে তাঁকে (চালক) ও হেলপারকে মারপিট করে যাত্রী ও তাঁদের কাছে থাকা মুঠোফোন, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে।মোটরসাইকেল আরোহী পরশ জানান, তাঁরা জয়পুরহাট থেকে ফিরছিলেন। রাত সাড়ে নয়টার দিকে একই স্থানে গাছ ফেলে তাঁদের মোটরসাইকেল আটকানো হয়। ডাকাতদল তাঁদের মারপিট করে মুঠোফোন ও নগদ টাকা কেড়ে নেয়। ডাকাতরা তাঁদের বেঁধে সড়কের পাশে ফেলে রাখে। তবে তারা মোটরসাইকেলটি নেয়নি। শ্যামলী পরিবহনে ডাকাতি শেষ হওয়ার পর লোকজন এসে তাঁদের উদ্ধার করে। ঘটনাস্থলের মাত্র ১৫ গজ আগেই পুলিশ ফাঁড়িতে কোনো পুলিশ ছিল না।