বখতিয়ার হত্যা মামলায় কেউ গ্রেপ্তার হয়নি
রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে মা-বাবার সামনে এ-লেভেলের ছাত্র বখতিয়ার মো. লতিফ হত্যার ঘটনায় গতকাল রোববার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে বখতিয়ারের পরিবার কিছুটা হতাশ হয়ে পড়েছে।
এই মামলা তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পশ্চিম বিভাগ। ডিবির পশ্চিম বিভাগের উপকমিশনার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, তদন্ত চলছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। ঘটনার কারণ উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। ওই বাসার এক গৃহকর্মীর স্বামী মো. রাসেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বখতিয়ারের ফুফু শাহানাজ শারমিন রিনভী বলেন, ‘এখনো কেউ গ্রেপ্তার না হওয়ায় আমরা দুশ্চিন্তায় আছি।’
গত বৃহস্পতিবার গভীর রাতে উত্তর যাত্রাবাড়ীর বাড়িতে ঢুকে বখতিয়ারকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় শুক্রবার রাতে যাত্রাবাড়ী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন বখতিয়ারের বাবা জাহিদ আল লতিফ।
এজাহার অনুযায়ী, বখতিয়ারকে গুলি করার পর বাসা থেকে প্রায় চার ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা।