বখতিয়ার হত্যাকাণ্ডে দুই প্রত্যক্ষদর্শীর সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে মা-বাবার সামনে ছেলে বখতিয়ার মো. লতিফকে (২০) গুলি করে হত্যার পর দুই ব্যক্তিকে ওই বাড়ি থেকে পালিয়ে যেতে দেখেছেন দুই প্রত্যক্ষদর্শী। তবে তদন্তের স্বার্থে ওই দুজনের নাম-পরিচয় গোপন রাখা হচ্ছে বলে দাবি করেছে পুলিশ।
ওই দুই প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আজ রোববার পুলিশের ডেমরা অঞ্চলের সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম ও নিহত বখতিয়ারের পরিবারের সদস্যরা জানান, হত্যাকাণ্ডের দিন গত বৃহস্পতিবার বখতিয়ারদের বাড়ির সামনে একটি বালুবাহী ট্রাক দাঁড়িয়ে ছিল। হত্যাকাণ্ডের পর ওই বাড়ির দেয়াল টপকিয়ে দুই ব্যক্তিকে ট্রাকটিতে চড়ে পালিয়ে যেতে দেখেছেন তাঁরা।
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মো. সাহাবুদ্দিন প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, বখতিয়ার হত্যা মামলার তদন্তের দায়িত্ব গতকাল শনিবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল রাত আটটার দিকে বেশ কয়েকজন ডিবি কর্মকর্তা বখতিয়ারদের ৯৬ উত্তর যাত্রাবাড়ীর বাড়িতে যান। এ সময় তাঁরা ওই বাড়ির সদস্যদের সঙ্গে কথাবার্তা বলেন। তিনি আরও বলেন, এই হত্যার ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। এর বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।
নিহত বখতিয়ারের স্বজনদের ধারণা, ডাকাতি কিংবা অন্য যে কারণই হোক না কেন, দীর্ঘ পরিকল্পনা ও তথ্য সংগ্রহ করেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
বখতিয়ারের ফুপু ও বাংলাভিশনের বার্তা সম্পাদক শারমীন রিনভী আজ প্রথম আলো ডটকমকে বলেন, ‘তথ্য সংগ্রহ করে পরিকল্পনামাফিক এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তবে কে বা কারা এটি ঘটিয়ে থাকতে পারে, আমরা এখনো কিছু বুঝে উঠতে পারছি না।’