বখতিয়ারের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
রাজধানীর যাত্রাবাড়ীতে নিজ বাসায় দুর্বৃত্তদের গুলিতে নিহত বখতিয়ার মো. লতিফ হত্যার বিচার না হলে আবারও রাজপথে নেমে প্রতিবাদ জানানোর ঘোষণা দিয়েছেন তাঁর পরিবার ও বন্ধুরা।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তাঁরা এসব কথা বলেন। বখতিয়ারের হত্যাকারীদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে তাঁর পরিবার, আত্মীয়স্বজন ও সহপাঠী বন্ধু-বান্ধবেরা এই মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধন চলাকালে বখতিয়ারের মা শামসুন্নাহার ফেরদৌসি কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আমার তো চাওয়ার আর কিছু নেই। আমি শুধু আমার সন্তানের হত্যার সুষ্ঠু বিচার চাই।’
বাবা জাহিদ আল লতিফ বলেন, প্রথমে পুলিশ অনেক তত্পর ছিল। কিন্তু মামলার ব্যাপারে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের আশ্বাস দিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত তারা কাউকে শনাক্ত করতে পারেনি, ধরা তো দূরের কথা। তাই আশ্বাস এখন হতাশায় পরিণত হয়েছে।’
বখতিয়ারের বন্ধু ইলতিমাস আমির বলেন, ‘নিষ্পাপ একজনের প্রাণ নিয়ে নেবে, আর আমরা কিছু বলব না—এটা তো হতে পারে না। আমরা এভাবেই প্রতিবাদ জানাব। আশা করি, সরকার হত্যাকারীদের গ্রেপ্তার করবে।’
বখতিয়ারের ফুপু বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের বার্তা সম্পাদক শারমিন রিনভী বলেন, ‘আমরা তো কোনো রাজনৈতিক দল নই যে হরতাল করব, অবরোধ করব। এভাবেই আমরা প্রতিবাদ জানিয়ে যাব। তা ছাড়া তো কোনো উপায় নেই।’