বখতিয়ার খুনের রহস্য উন্মোচনের দাবি ডিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বখতিয়ার লতিফ
বখতিয়ার লতিফ

রাজধানীর যাত্রাবাড়ীতে বখতিয়ার লতিফ হত্যা মামলায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার রাতে তাঁদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ রোববার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
বখতিয়ারের বাবা জাহিদ আল লতিফ গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে তিনজনকে শনাক্ত করেছেন। তবে সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেন।
গ্রেপ্তার হওয়া চারজন হলেন খলিল, মোহাম্মদ আক্তার, রোস্তম আলী হাওলাদার ও জালালউদ্দিন। পুলিশের দাবি, তাঁরা পেশাদার ডাকাত। এর মধ্যে খলিল পিস্তল দিয়ে গুলি করে বখতিয়ারকে হত্যা করেন।
সংবাদ ব্রিফিংয়ে পুলিশ জানায়, বখতিয়ারদের বাসায় মোট আটজন ডাকাতির ঘটনা ঘটিয়েছেন। তাঁরা ঘটনার রাতে ট্রাকে করে ওই বাড়িতে যান। ট্রাকে একজন ছিলেন এবং বাকি সাতজন বাসার ভেতরে ঢোকেন। তাঁদের মধ্যে খলিল অস্ত্র নিয়ে স্বর্ণালংকার লুট করার চেষ্টা করেন। এ সময় বখতিয়ার অস্ত্রটি চেপে ধরার চেষ্টা করলে খলিল গুলি চালান।

মনিরুল ইসলাম বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য দুজনের নাম হাবিব ও স্বপন। তাঁরা ১০ অক্টোবর কেরানীগঞ্জে ডাকাতি করতে গিয়ে ধরা পড়েন। বর্তমানে তাঁরা জেলহাজতে আছেন। ওই বাসায় ১০০ ভরি স্বর্ণ আছে—কানা সাত্তার নামে একজন ডাকাত দলকে এ তথ্য দিয়েছিলেন। এই তথ্যের ভিত্তিতে তাঁরা ছয় মাস ধরে ডাকাতির পরিকল্পনা করছিলেন। এরই অংশ হিসেবে ঘটনার কয়েক দিন আগে বখতিয়ারদের বাড়ির কুকুরকে বিষ মেশানো খাবার খাইয়ে হত্যা করা হয়।

বখতিয়ারের বাবা জাহিদ আল লতিফ হত্যাকারীরা ধরা পড়ায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, তিনি জানতে পেরেছেন, এ দলটি আগেও ডাকাতির অনেক ঘটনা ঘটিয়েছে। তবে জামিনে ছাড়া পেয়ে গেছে। তাই ছেলে হত্যার সুষ্ঠু বিচার পাবেন কি না, তা নিয়ে তিনি শঙ্কায় আছেন।

গত ১২ সেপ্টেম্বর রাতে বাড়িতে ঢুকে বখতিয়ারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।