বখতিয়ার হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে মা-বাবার সামনে ‘এ’ লেভেলের ছাত্র বখতিয়ার মো. লতিফকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২–এর বিচারক মমতাজ বেগম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন মো. খলিল (৩৫)। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. আকতার, রুস্তম আলী হাওলাদার, জালাল উদ্দিন, হাবিব, সবুজ ও মতি। সাজাপ্রাপ্ত সব আসামিই ডাকাত দলের সদস্য।
রায় ঘোষণার আগে কারাগারে আটক ছয় আসামিকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর আদালত আসামিদের বিরুদ্ধে আসামিদের সাজা পরোয়ানা জারি করে তাদের কারাগারে পাঠান।
ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি শামসুল হক প্রথম আলোকে বলেন, ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর রাতে রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে আসামিরা মামলার বাদী জাহিদ আল লতিফ ওরফে খোকার বাড়িতে ডাকাতি করে। ডাকাতিকালে বাদীর ছেলে বখতিয়ার মোহাম্মদ লতিফ বাধা দিলে খলিল গুলি করেন। এ সময় বখতিয়ারের বাবা জাহিদ আল লতিফ এবং তাঁর মায়ের চিৎকারে আশপাশের লোকজন এলে ডাকাতেরা পালিয়ে যায়। এরপর লতিফকে চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জাহিদ আল লতিফ যাত্রাবাড়ী থানায় মামলা করেন। ২০১৪ সালের ১৩ এপ্রিল ডিবি পুলিশের উপপরিদর্শক ইউনুস সাতজনকে আসামি করে অভিযোগপত্র দেন। ওই বছরের ৮ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। রাষ্ট্র এ মামলায় ২৮ জন সাক্ষী উপস্থাপন করেন।