বখতিয়ারের রিমান্ড শুনানি ২৪ জুন

জোড়া খুনের মামলায় গ্রেপ্তার সাংসদপুত্র বখতিয়ার আলম রনিকে আবারও রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। ঢাকার মহানগর হাকিম আমিনুল হক আসামির উপস্থিতিতে রিমান্ড বিষয়ক শুনানির জন্য ২৪ জুন তারিখ ধার্য করেছেন।
আজ রোববার বিকেলে এ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) দীপক কুমার দাস বখতিয়ারের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
এর আগে বখতিয়ারকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
বখতিয়ার বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন। তাঁর মা পিনু খান সরকারদলীয় সাংসদ ও মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
গত ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে গাড়ি থেকে গুলি ছুড়লে রিকশাচালক আবদুল হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাকিম ১৫ এপ্রিল এবং ইয়াকুব ২৩ এপ্রিল মারা যান। এ ঘটনায় হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল রাতে রমনা থানায় হত্যা মামলা করেন। ডিবি পুলিশ তদন্তে এই জোড়া খুনের ঘটনায় বখতিয়ার ও তাঁর গাড়িচালক ইমরান ফকিরকে শনাক্ত করে। ডিবি ৩১ মে প্রথমে ইমরানকে এবং তাঁর তথ্য অনুযায়ী ওই দিন রাতে বখতিয়ারকে গ্রেপ্তার করে।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ১ জুন ইমরান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি জানান, ১৩ এপ্রিল রাতে বখতিয়ার নেশাগ্রস্ত অবস্থায় প্রাডো গাড়ি থেকে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে এলোপাতাড়ি চার-পাঁচটি গুলি ছোড়েন। রিমান্ডে থাকাকালে বখতিয়ারও তাঁর লাইসেন্স করা পিস্তলের গুলিতে দুই ব্যক্তি মারা গেছেন বলে স্বীকার করেন। বখতিয়ার গুলি ছোড়ার সময় ওই গাড়িতে থাকা তাঁর দুই বন্ধু কামাল মাহমুদ ও মো. কামাল ওরফে টাইগার কামাল সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন। বখতিয়ারের আরেক বন্ধু জাহাঙ্গীর আলম ভূঁইয়াও সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।
আরও পড়ুন: