মুক্তিযুদ্ধের সংগঠক বখতেয়ার নূর সিদ্দিকী রাজনীতি করেছেন সাধারণ মানুষের কল্যাণের জন্য। অর্থবিত্ত তাঁকে স্পর্শ করেনি। তাঁর মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা সৃষ্টি হয়েছে। তিনি ছিলেন সংগঠকদের সংগঠক।
গতকাল শনিবার বিকেলে চট্টগ্রামে বখতেয়ার নূর সিদ্দিকী স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে ‘নাগরিক শোকসভা পরিষদ’ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
শোকসভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক অনুপম সেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নেতা নূহ-উ আলম লেলিন, সাংসদ ওয়াসিকা আয়েশা খান, সিপিবির চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শাহ আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুবুল আলম প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ইসহাক মিয়া, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
আলোচনা সভায় মতিয়া চৌধুরী বলেন, বখতেয়ার নূর ছিলেন এমন একজন সংগঠক যিনি স্বাধীনতা, ছাত্র আন্দোলন, ছয় দফার আন্দোলনসহ সব আন্দোলনে সক্রিয় ছিলেন। মৃত্যুর সাত-আট দিন আগে তাঁর সঙ্গে শেষবারের মতো কথা হয়। অন্যের অসুখ নিয়ে কথা বললেন সেদিন, অথচ নিজের অসুখ নিয়ে একটি কথাও বললেন না। তিনি বলেন, ‘আমরা আসলে রাজনীতি করি। কিন্তু কে কতটা একে অপরের জন্য করি, সেটা কঠিন সময়ে প্রমাণ হয়। বখতেয়ার নূর সিদ্দিকী সেই প্রমাণ দিয়ে গেছেন।’
শোকসভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, বখতেয়ার নূর ছিলেন নির্লোভ রাজনৈতিক নেতা। ছোটবেলায় যে ভাঙা ঘরে তিনি ছিলেন, সেই ঘরে তাঁর পরিবারের সদস্যরা এখনো বসবাস করছেন। রাজনীতি করেছেন জনকল্যাণের জন্য।
সাংসদ ওয়াসিকা আয়েশা খান বলেন, ‘আমার মায়ের মৃত্যুর পর বাবাকে (আতাউর রহমান খান কায়সার) সঙ্গ দিতেন বখতেয়ার নূর সিদ্দিকী। আমাদের দুটি পরিবারের মধ্যে মেলবন্ধন সৃষ্টি করেছিলেন বখতেয়ার নূর। রাজনীতিতেও তিনি ঐক্য তৈরি করেছিলেন।’
সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, বখতেয়ার নূর সিদ্দিকী ছিলেন সংগঠকদের সংগঠক ও নেতাদের নেতা। তিনি জটিল সমস্যার সমাধান দিতেন। তাঁর মতো সংগঠক খুঁজে পাওয়া যাবে না। তাঁর মৃত্যুতে রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়েছে।