বখরা না দেওয়ায় ব্যবসায়ীর হাত ভেঙে দিয়েছে পুলিশ
দিগুণ বখরা না দেওয়ায় মোহামঞ্চদ আলী (২৫) নামের এক বাঁশ ব্যবসায়ীকে পিটিয়ে তাঁর হাত ভেঙে দিয়েছে পুলিশ। শুক্রবার দুপুর দুইটায় রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের নাইল্যাছড়ি বাজারে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।স্থানীয় লোকজন জানান, মোহামঞ্চদ আলী কাউখালী উপজেলার নাইল্যাছড়ি বাজারে ভরনছড়ি নদীতে বাঁশের হাটে বাঁশ বিক্রি করছিলেন। কিন্তু নাইল্যাছড়ি পুলিশ ক্যাম্পের পাঁচ-ছয়জন সদস্য বাঁশের চালি (প্রতি চালিতে ৫০টি বাঁশ থাকে) থেকে দুটি করে বাঁশ নিয়ে যাওয়ার চেষ্টা করেন, যা দিতে অস্বীকার করায় পুলিশ বাঁশ দিয়ে পিটিয়ে তাঁর ডান হাত ভেঙে দেয়। ব্যবসায়ীরা জানান, কাউখালী উপজেলার নাইল্যাছড়ি বাজারে ভরনছড়ি নদীতে প্রতি শুক্রবার বাঁশের হাট বসে। এই সুবাধে নাইল্যাছড়ি ক্যাম্পের পুলিশ সদস্যরা আগে প্রতি চালি থেকে একটি করে বাঁশ আদায় করত। প্রতি মাসে দিতে হতো পাঁচ হাজার টাকা। কিন্তু প্রজনন মাস হিসেবে বাঁশ কাটা নিষিদ্ধ থাকার অজুহাতে পুলিশ এখন প্রতি চালি থেকে দুটি বাঁশ ও মাসে ২০ হাজার টাকা দাবি করে, যা দেওয়া সম্ভব নয় বলায় ক্ষিপ্ত হয়ে পুলিশ মোহামঞ্চদ আলীকে বাঁশ দিয়ে বেধড়ক পিটুনি দেয়। একপর্যায়ে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী এক বাড়িতে আশ্রয় নেওয়ার পর মোহামঞ্চদ আলী অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয় লোকজন তাঁকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আবদুল কাদের জানান, মোহামঞ্চদ আলী গুরুতরভাবে আহত। তাঁর ডান হাতের কনুই ভেঙে গেছে। কয়েক দিন চিকিৎসার পর একটু সুস্থ হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। নাইল্যাছড়ি পুলিশ ক্যাম্পের (ইনচার্জ আর্মড) উপপরিদর্শক আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ সময় তিনি বেতবুনিয়ায় অবস্থান করছিলেন। ফলে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। বাঁশ ব্যবসায়ীদের নিয়ে বিষয়টি সুরাহার চেষ্টা চলছে বলে জানান তিনি।