বখরা না দেওয়ায় মাসহ প্রতিবন্ধী নারীকে মারধর
অসুস্থ মা জামেলা খাতুন ঠিকমতো কাজ করতে পারেন না। তাই শারীরিক প্রতিবন্ধী হলেও কাজ করে সংসার চালাতে হয় জরিনা খাতুনকে (২৫)। প্রায় দুই মাস রাস্তায় মাটি কাটার কাজ করে আয় করেন নয় হাজার টাকা।সর্দারির কথা বলে এখান থেকে দেড় হাজার টাকা বখরা চেয়েছিলেন শ্রমিকসর্দার দাবিদার আছির উদ্দিন। জরিনা টাকা দিতে রাজি না হওয়ায় তাঁকে পিটিয়ে আহত করা হয়েছে। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন মা জামেলা খাতুন (৪৮)। জামেলা খাতুন এখন হাসপাতালে চিকিৎসাধীন, আর প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন জরিনা।২২ জুন এ ঘটনার পর ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাব্দালপুর গ্রামের জরিনা খাতুন থানায় লিখিত অভিযোগ করেন। গতকাল পর্যন্ত পুলিশ মামলা রেকর্ড করেনি। উল্টো ঘটনার তদন্ত করতে গিয়ে কোটচাঁদপুর থানার পিএসআই সুলতান মাহমুদ জরিনার কাছ থেকে তেলখরচ আদায় করেছেন। তিনি ফিরে আসার পর আছির উদ্দিনের লোকজন জরিনাকে আরেক দফা মারপিট করে।এ বিষয়ে কোটচাঁদপুর থানার পিএসআই সুলতান আহম্মদ জানান, তিনি ঘটনার সত্যতা পেয়েছেন। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এখনো মামলা রেকর্ড হয়নি। জরিনার কাছ থেকে তেলখরচ বাবদ ২০০ টাকা নেওয়ার বিষয়ে তিনি বলেন, এটা মামলার তদন্তে গেলে তাঁরা পেয়ে থাকেন। তিনিও সেভাবে পেয়েছেন, জোর করে নেননি।অভিযুক্ত আছির উদ্দিন পলাতক থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কবির হোসেন জানান, প্রতিবন্ধী জরিনাকে এভাবে মারপিট করা ঠিক হয়নি। বিষয়টি নিয়ে তাঁরা এলাকায় বিচারে বসবেন।