
নেত্রকোনার কেন্দুয়ায় পারভিন সিরাজ মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৭) কুপিয়ে জখম করা বখাটে ইমন মিয়ার (২৪) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-১-এর বিচারক মো. আলমগীর হোসাইন রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।
এর আগে গতকাল বুধবার বিকেলে ইমনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে আদালত আজ শুনানির দিন ধার্য করেছিলেন।
এদিকে আহত কলেজছাত্রীর অবস্থা কিছুটা উন্নতির দিকে। বর্তমানে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডের ইউনিট-১-এর ৯ নম্বর বেডে রাখা হয়েছে। এর আগে অস্ত্রোপচার শেষে তাঁকে ওই হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। গতকাল তাঁকে সার্জারি বিভাগে স্থানান্তর করা হয়।
হাসপাতালের উপপরিচালক মো. আবদুল গনি প্রথম আলোকে বলেন, ‘মেয়েটি সার্জারি বিভাগের অধ্যাপক মো. আশরাফ উদ্দিনের তত্ত্বাবধানে আছে। তার অবস্থা কিছুটা উন্নতির দিকে। তবে দুই হাতের বেশ কয়েকটি রগ কেটে যাওয়ায় ও মাথায় বেশি আঘাত পাওয়ায় তাঁর স্বাভাবিক জীবনে ফিরতে কিছুটা সময় লাগবে।’
এ ঘটনায় গতকাল দুপুরে ইমনকে আসামি করে কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন মেয়েটির বাবা। মামলায় শ্লীলতাহানি, ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, ইমনকে ঘটনার দিন অর্থাৎ মঙ্গলবার রাতেই গ্রেপ্তার করা হয়। পুলিশের পক্ষ থেকে মেয়েটির পরিবারে কিছু আর্থিক সহায়তাসহ চিকিৎসার সব ব্যবস্থা করা হচ্ছে। সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে।
কেন্দুয়ার পূর্ব শান্তিবাগ এলাকায় গত মঙ্গলবার বিকেলে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ইমন চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ওই কলেজছাত্রীকে জখম করেন। এর আগে কাঁচি দিয়ে ওই মেয়ের মাথার চুল কেটে দেন ইমন। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই ইমন মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিলেন। কিন্তু মেয়েটি তাতে সাড়া দিচ্ছিল না। মেয়েটি তার পরিবারের সঙ্গে কেন্দুয়া পৌর শহরের শান্তিবাগ এলাকার একটি বাসায় ভাড়া থাকত।