বখাটে ও হত্যাকারীদের বিচার দাবিতে সারা দেশে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইভ টিজিং বা উত্ত্যক্ত করা প্রতিরোধে এবং নাটোরের কলেজশিক্ষক মিজানুর রহমান ও ফরিদপুরের মধুখালীতে চাঁপা রানী ভৌমিক হত্যার বিচার দাবিতে দেশের বিভিন্ন স্থানে গতকাল রোববার মানববন্ধন পালিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: বরিশাল: সর্বস্তরের নাগরিকদের নিয়ে বরিশালে ইভ টিজিং প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। কমিটি গতকাল সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মানববন্ধন পালন করে। একই সঙ্গে নাটোরে কলেজশিক্ষক মিজানুর রহমান ও ফরিদপুরের মধুখালীতে চাঁপা রানী হত্যার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করা হয়। সামাজিকভাবে উত্ত্যক্ত করার প্রতিবাদ জানাতে বাংলাদেশ মহিলা পরিষদ, বরিশালের ২৭টি সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, পেশাজীবী ও শিক্ষক সংগঠন, উন্নয়ন সংগঠন সদস্যদের সমন্বয়ে ১০১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।সাতক্ষীরা: কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সকাল ১০টায় স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেয়। কলারোয়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পৌর ভবন পর্যন্ত দীর্ঘ ইভ টিজিংবিরোধী মানববন্ধনটি সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১১টায় শেষ হয়। রাজবাড়ী: শিক্ষক মিজানুর রহমান ও চাঁপা রানী ভৌমিকের হত্যাকারীদের ফাঁসির দাবিতে গতকাল দুপুর ১২টার দিকে বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাব চত্বর থেকে একটি শোকযাত্রা বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে মানববন্ধন ও পথসভায় মিলিত হয়। এ সময় নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। উপজেলা প্রেসক্লাব, ইয়ুথ এন্ডিং হাঙ্গার ও সুজনের আয়োজনে মানববন্ধনে স্কুল-কলেজের সহস্রাধিক ছাত্রছাত্রী, শিক্ষক, সুধীজন ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পটুয়াখালী: মিজানুর রহমান ও চাঁপা রানীর হত্যাকারীদের ফাঁসি ও হাজারীবাগ স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এম এ কাসেমকে লাঞ্ছিত করার প্রতিবাদে এবং উত্ত্যক্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সকালে পটুয়াখালী প্রেসক্লাব সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালিত হয়েছে। সকাল ১০টায় কোস্টাল এনজিও ফোরামের (সিএনএফ) সহযোগিতায় শহরের বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।