বখাটে ছোঁ মেরে কেড়ে নিল ছাত্রীর নম্বরপত্র ও প্রশংসাপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসিতে ভালো ফল তার। সানন্দে কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। বিদ্যালয় থেকে নম্বরপত্র ও প্রশংসাপত্র তুলে বাবার সঙ্গে বাড়ি ফিরছিল সে। কিন্তু কিছু দূর এগোতেই ঘটে গেল বিপত্তি। পিছু লাগা বখাটে এসে ছোঁ মেরে কেড়ে নিল তার প্রয়োজনীয় সব কাগজ। তারপর সবেগে ছুটে পালিয়ে গেল সে। নিমেষে মুছে গেল ওই শিক্ষার্থীর সব আনন্দ।গত মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ডা. মহিউদ্দিন উচ্চবিদ্যালয়ের খুব কাছে এ ঘটনা ঘটে। বখাটে যুবকের নাম আক্কাছ মিয়া। সে বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর গ্রামের আলফু মিয়ার ছেলে।বিদ্যালয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ছাত্রীটি এবার ওই বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষা দিয়ে ৪ দশমিক ৬৯ পেয়ে উত্তীর্ণ হয়। মঙ্গলবার বাবাকে নিয়ে বিদ্যালয়ে এসে নম্বরপত্র ও প্রশংসাপত্র তোলে সে। ফেরার পথে পড়ে বখাটের খপ্পরে। এতে ছাত্রীর কলেজে ভর্তি হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ, আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন আজ বৃহস্পতিবার।ঘটনার প্রত্যক্ষদর্শী ওই বিদ্যালয়ের শিক্ষক ফয়েজ আহমেদ জানান, ওই বখাটেকে ছাত্রীর হাত থেকে কাগজপত্র নিয়ে কাছের পাহাড়ের দিকে ছুটে যেতে দেখেছেন তিনি। বাঘাসুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদার বলেন, ঘটনার সময় তিনি বিদ্যালয়ের ভেতর ছিলেন। পরে লোকমুখে এ ঘটনার কথা জানতে পারেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজ্জাম্মেল হক বলেন, ‘ছাত্রীর চিৎকার শুনে সঙ্গে সঙ্গে দপ্তরিকে পাঠিয়েছিলাম, কিন্তু এর মধ্যে আক্কাছ কাগজপত্র নিয়ে পাহাড়ে উঠে যায়।’ছাত্রীর বাবা জানান, এ ব্যাপারে তিনি মাধবপুর থানায় আক্কাছ ও আলফু মিয়ার নামে অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, আক্কাছ অনেক দিন ধরে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। তার উৎপাতে সম্প্রতি তিনি ওই এলাকা ছেড়ে হবিগঞ্জ শহরে বাসা নিয়েছেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম বলেন, এ ঘটনার একটি লিখিত অভিযোগ পাওয়ার পর একজন উপপরিদর্শককে ঘটনাস্থলে পাঠানো হয়।এ ব্যাপারে কথা বলতে মুঠোফোনে আলফু মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।