রাজধানীর মিরপুরের বিসিআইসি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী যমজ দুই বোনের ওপর হামলা মামলার প্রধান আসামি বখাটে জীবন করিমকে গতকাল রোববারও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ প্রকাশ করেছে হামলার শিকার দুই কলেজছাত্রীর পরিবার।
ওই দুই কলেজছাত্রীর মা-বাবা ক্ষোভ প্রকাশ করে গতকাল প্রথম আলোকে বলেন, বখাটে জীবন করিম তার সহযোগীদের নিয়ে অনেক লোকের সামনে তাঁদের দুই মেয়ের ওপর বর্বর হামলা চালিয়ে গুরুতর আহত করে। কেউ তাদের বাঁচাতে এগিয়ে যায়নি। ঘটনার পাঁচ দিন পার হতে চলল, অথচ পুলিশ বখাটে জীবন করিমকে গ্রেপ্তার করতে পারল না।
ওই দুই শিক্ষার্থীর বাবা বলেন, বখাটের হামলায় তাঁর এক মেয়ের পা ভেঙে গেছে। অন্য মেয়ের অবস্থাও গুরুতর। বিছানা ছেড়ে সে একা উঠতে পারে না। হাঁটার সময় অন্যের সাহায্য নিতে হয়। কলেজে টিউটোরিয়াল পরীক্ষায় তাঁর মেয়েরা অংশ নিতে পারেনি। তিনি বলেন, গতকাল (রোববার) সকালে মামলার তদন্ত কর্মকর্তা বাসায় এসে দুই মেয়ের জবানবন্দি নিয়ে গেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) অনুজ কুমার সরকার গতকাল প্রথম আলোকে বলেন, দুই সহযোগীসহ বখাটে জীবন করিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় গ্রেপ্তার জীবনের বন্ধু (লুৎফর রহমান) কারাগারে আছেন। তিনি জীবন ও তার দুই সহযোগীকে পালাতে সহায়তা করেন।
অনুজ কুমার বলেন, জব্দ করা ভিডিও ফুটেজে হামলার দৃশ্য ধরা পড়েনি। ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি) ঘটনাস্থলের দূরে থাকায় বখাটেদের হামলার কোনো চিত্র পাওয়া যায়নি।
গত বুধবার ছুটির পর বাসায় ফেরার জন্য কলেজের সামনে চিড়িয়াখানা সড়কে বাসের অপেক্ষায় থাকা দুই বোন প্রথমে উত্ত্যক্তের শিকার হয়। এর প্রতিবাদ করায় বখাটে জীবন করিম তাদের মারধর করে এবং বাঁশ দিয়ে পেটায়। এতে এক বোনের বাঁ পা ভেঙে যায়, অন্যজনও গুরুতর আহত হয়। এ ঘটনায় তাদের বাবা জীবন করিমের নাম উল্লেখসহ তিনজনকে আসামি করে শাহ আলী থানায় মামলা করেন। ওই দিনই লুৎফরকে গ্রেপ্তার করে পুলিশ। রিমান্ড শেষে শনিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।