
ঢাকার মিরপুরে চিড়িয়াখানা সড়কে বিসিআইসি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী যমজ দুই বোনের ওপর হামলাকারী বখাটে জীবন গতকাল বৃহস্পতিবারও গ্রেপ্তার হয়নি। বখাটেদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শিক্ষার্থীরা কলেজের সামনের সড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। হামলায় আহত দুই বোন গতকাল টিউটোরিয়াল পরীক্ষায় অংশ নিতে পারেনি।
এদিকে মুন্সিগঞ্জের সিরাজদিখানে স্কুলছাত্রীর ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সেখানেও মানববন্ধন হয়েছে।
মিরপুরে যমজ দুই বোনের ওপর হামলাকারী জীবন করিমসহ তিন বখাটের দোকান এবং চিড়িয়াখানা সড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা অন্তত ২০টি দোকান ভাঙচুর করেছে ক্ষুব্ধ কলেজশিক্ষার্থীরা।
গত বুধবার ছুটির পর বাসায় ফেরার জন্য কলেজের সামনে বাসের অপেক্ষায় থাকা দুই বোন প্রথমে উত্ত্যক্তের শিকার হয়। এর প্রতিবাদ করায় বখাটে জীবন করিম তাদের মারধর করে ও বাঁশ দিয়ে পেটায়। এতে এক বোনের বাঁ পা ভেঙে যায়, অন্যজনও গুরুতর আহত হয়। হাসপাতালে চিকিৎসা শেষে তাদের মিরপুরের পূর্ব মণিপুরের বাসায় নেওয়া হয়। এ ঘটনায় ছাত্রীদের বাবা জীবনসহ তিনজনকে আসামি করে শাহ আলী থানায় মামলা করেন। ওই দিনই জীবনের বন্ধু লুৎফর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও কলেজ সূত্র বলেছে, বখাটে জীবন ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বেলা ১১টার দিকে বিসিআইসি কলেজের কয়েক শ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক মানববন্ধনে অংশ নেন। কলেজের সামনের সড়কের ফুটপাত থেকে চিড়িয়াখানার প্রধান ফটকের কাছ পর্যন্ত বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই মানববন্ধন হয়। প্রায় একই সময় দুই শতাধিক শিক্ষার্থী কলেজ প্রাঙ্গণে মিছিল করে। মিছিলে অভিভাবকেরাও অংশ নেন। শিক্ষার্থীরা বখাটেদের গ্রেপ্তারের পাশাপাশি শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণ দাবি করেও স্লোগান দেয়। একপর্যায়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের প্রায় ৫০ গজ দূরে অবস্থিত বখাটে জীবন করিমের অহনা ফাস্টফুড ও হোটেল ভাঙচুর করে। এ সময় পুলিশ ও র্যা ব ধাওয়া দিলে শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করে। টিউটোরিয়াল পরীক্ষা শেষে দুপুর ১২টার দিকে প্রভাতি শাখার একাদশ শ্রেণির শিক্ষার্থীরাও মিছিলে যোগ দেয়। তারা আবার বখাটে জীবনের দোকান এবং পাশের আটটির মতো দোকান ভাঙচুর করে। তাদের একটি অংশ কলেজ ঘেঁষে গড়ে ওঠা ১২টি টিনশেডের ঘর ভাঙচুর করে। এসব স্থাপনার মধ্যে রয়েছে ক্যারম বোর্ডের ঘর, খাবারের হোটেল, মৎস্যজীবী লীগ ও মোটরযান শ্রমিক লীগের কার্যালয়।
স্থানীয় বাসিন্দারা বলেন, শিক্ষার্থীরা চিড়িয়াখানা সড়ক অবরোধ করায় যানবাহন আটকা পড়ে। চিড়িয়াখানা থেকে মিরপুর ১ নম্বর পর্যন্ত সড়কে যানজট সৃষ্টি হয়। এতে ওই পথে চলাচলকারী মানুষ ভোগান্তি পোহান। বেলা পৌনে দুইটার দিকে পুলিশ ধাওয়া করে শিক্ষার্থীদের কলেজ প্রাঙ্গণে নিয়ে যায়। এ সময় শাহ আলী থানার ওসি আনোয়ার হোসেন কলেজে গিয়ে বাকি বখাটেদের গ্রেপ্তার করার আশ্বাস দেন। তিনি বলেন, গ্রেপ্তার করা লুৎফরকে রিমান্ডে নেওয়া হয়েছে।
বিসিআইসি কলেজের এক শিক্ষার্থী বলেছে, তার দুই সহপাঠীর ওপর হামলার দৃশ্য জীবন করিমের দুই সহযোগী মুঠোফোনে ভিডিও করেছে। তাদের আশঙ্কা, এই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হতে পারে।
এক শিক্ষার্থীর অভিভাবক রাশেদা বেগম বলেন, কলেজের বাইরে অভিভাবকদের বসার স্থানের পাশে গড়ে ওঠা ছাপরায় বখাটেদের আড্ডা বসে। মাদক বেচাকেনা হয়, জুয়ার আসর বসে। বখাটেরা নারী অভিভাবকদেরও উত্ত্যক্ত করে। বিষয়টি অভিভাবকেরা টহল পুলিশকেও জানিয়েছেন। কিন্তু প্রতিকার পাননি। এ অবস্থায় মেয়েদের নিরাপত্তা নিয়ে তাঁরা উদ্বিগ্ন।
বিসিআইসি কলেজের সহকারী অধ্যাপক অবনীন্দ্র নাথ বৈদ্য ও স্থানীয় বাসিন্দা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, কলেজের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে পুলিশকে লিখিত ও মৌখিক অভিযোগ করা হয়েছে। কিন্তু পুলিশ ব্যবস্থা নেয়নি। অবৈধ স্থাপনা উচ্ছেদ হলে বখাটেদের উৎপাত কমে যাবে।
যোগাযোগ করা হলে শাহ আলী থানার ওসি প্রথম আলোকে বলেন, জীবন করিমসহ বখাটেদের গ্রেপ্তারে অভিযান চলছে। অবৈধভাবে গড়ে ওঠা ছাপরা উচ্ছেদের জন্য তাঁর কাছে আবেদন করা হয়নি। সেখানে মাদক ও জুয়ার আসর বসার কথা অস্বীকার করেন ওসি।
গতকাল একাদশ শ্রেণির টিউটোরিয়াল পরীক্ষা শুরু হলেও বখাটের হামলায় আহত দুই বোন অংশ নিতে পারেনি। কলেজ কর্তৃপক্ষ বলেছে, বিষয়টি বিবেচনায় নিয়ে পরবর্তী পরীক্ষার ফলের সঙ্গে এটি সমন্বয় করা হবে।
মুন্সিগঞ্জে মানববন্ধন: মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজদিখান উপজেলার রশুনিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিদ্যালয়-সংলগ্ন সিরাজদিখান-নিমতলা সড়কে মানববন্ধন করা হয়। এতে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ বিদ্যালয়ের শিক্ষক ও কয়েক শ শিক্ষার্থী অংশ নেয়।
দুর্বৃত্তের কোপে মাথায় জখম হওয়া ওই ছাত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গত মঙ্গলবার সন্ধ্যায় দুই বখাটে ঘরে ঢুকে তাকে কোপায়। চিকিৎসকেরা বলেছেন, ছাত্রীটি শঙ্কামুক্ত হলেও তার সেরে উঠতে সময় লাগবে।