বখাটেদের ঠেকাতে চট্টগ্রাম মহানগর পুলিশের নেওয়া উদ্যোগ ঝিমিয়ে পড়েছে। গত মে মাসে ‘ঘটা’ করে নগরের দুটি বিদ্যালয়ে সমাবেশের পর এ নিয়ে আর কোনো প্রচারণা চালানো হয়নি। নগরের অনেক বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষকেরাও পুলিশের নেওয়া উদ্যোগের বিষয়টি জানেন না।
উত্ত্যক্তকারীদের প্রতিরোধে সচেতনতা বাড়াতে গত ৬ মে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এবং ১০ মে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়ে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) জ্যেষ্ঠ কর্মকর্তারা সমাবেশ করেন। দুটি সমাবেশে ০১৮৪১৩৭৩২৩৭ মুঠোফোন নম্বর দিয়ে পুলিশ আহ্বান জানিয়েছিল কেউ উত্ত্যক্তের শিকার হলে ‘৩৭৩’ লিখে খুদে বার্তা পাঠানোর জন্য। যে অভিযোগ পাঠাবে, তার পরিচয় বিদ্যালয়ের শিক্ষক, এমনকি অভিভাবকের কাছেও গোপন রাখা হবে।
অথচ বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ছাত্রী ও অভিভাবকদের উত্ত্যক্ত করার অভিযোগ এনে গত ৩ অক্টোবর চান্দগাঁও থানায় লিখিত অভিযোগ করে মোহরা এলাকার সিডিএ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক ফোরাম। পরদিন কলেজের অধ্যক্ষও একই অভিযোগ করেন।
বখাটেদের ঠেকাতে পুলিশের দেওয়া মুঠোফোন নম্বরে কেন যোগাযোগ করেননি, তা জানতে চাইলে অভিভাবক ফোরামের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এ রকম কোনো নম্বর আছে নাকি! আমরা তো জানি না।’
সিএমপি সূত্রে জানায়, গত ৬ মে থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পুলিশের মুঠোফোনে প্রতিকার চেয়ে ১৬৮টি খুদে বার্তা এসেছে। এর মধ্যে কর্মসূচি শুরু করার প্রথম ১৫ দিনেই এসেছে ১০২টি খুদে বার্তা। আর গত সাড়ে পাঁচ মাসে খুদে বার্তা এসেছে মাত্র ৬৬টি। এর মধ্যে গত দুই মাসে এসেছে মাত্র ১০টি খুদে বার্তা। এই ১০ জনের মধ্যে আবার ছয়জন পুলিশের ফোন ধরেননি বা ফোন বন্ধ রেখেছিলেন, চট্টগ্রাম নগরের বাইরে থেকে আসে তিনটি খুদে বার্তা।
১০ মের পরে পুলিশ আর কোনো বিদ্যালয়ে উত্ত্যক্তকরণ প্রতিরোধ সমাবেশ করেনি। চট্টগ্রাম মহানগরে উচ্চবিদ্যালয়ের সংখ্যা ১৯০টি। এই কর্মসূচি ঝিমিয়ে পড়ার পেছনে নগর পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডলের যুক্তি, গণমাধ্যমের কল্যাণে এ বার্তা যাদের কাছে পৌঁছার তা পৌঁছে গেছে। কারণ, ওই দুই বিদ্যালয় ছাড়াও চট্টগ্রাম নগরের বাইরের অনেক নারীও অভিযোগ করছেন। খুদে বার্তা কমে যাওয়া প্রসঙ্গে তাঁর বক্তব্য, নারী উত্ত্যক্তকারীরা আগের চেয়ে সতর্ক হয়ে গেছে। তিনি বলেন, আবারও বিভিন্ন বিদ্যালয়ে সমাবেশ করার পরিকল্পনা তাদের রয়েছে।
নগরের অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী পারমিতা বড়ুয়া ও নামিরা মারজান জানায়, কেউ উত্ত্যক্ত করলে পুলিশকে খুদে বার্তা পাঠিয়ে অভিযোগ করার বিষয়টি তাদের জানা নেই। বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্রী আয়শা বলে, ‘এ রকম কোনো নম্বর থাকলে খুব ভালো হয়, অনেক মেয়েকে বখাটেরা স্কুলে যাওয়া-আসার পথে বিরক্ত করে।’
কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবাশ্বেরা বেগম প্রথম আলোকে বলেন, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে মেয়েদের কেউ কেউ হয়রানির শিকার হয় বলে কানে এসেছে। স্কুলে পুলিশের পক্ষ থেকে কোনো সমাবেশ হয়নি। হলে স্কুলের ২ হাজার ৬৪৫ ছাত্রী সাহস পেত।
অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মমতা বেগম বলেন, ‘পুলিশ যদি স্কুলে না-ও আসতে পারে, আমাদের একটা চিঠি দিয়ে মুঠোফোন নম্বর জানালেই হবে। আমরা সব ছাত্রীকে তা জানিয়ে দেব।’
ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স চট্টগ্রামের উপদেষ্টা ও শিশু সংগঠক এ কিউ এম সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, নারী উত্ত্যক্তকারীদের প্রতিরোধে পুলিশ একটি মুঠোফোন নম্বর চালু করলেও এর প্রচার নেই। সমাজে যৌন হয়রানির ঘটনা কমে গেছে তা মনে করার কোনো কারণ নেই। তিনি বলেন, ‘আমাদের দাবি, এ নিয়ে নিয়মিত সমাবেশ ও প্রচার চালানো হোক। এ ছাড়া নারী উত্ত্যক্তকারীর শাস্তি কী, সেটিরও ব্যাপক প্রচার দরকার।’
মুঠোফোনে খুদে বার্তা পাওয়ার পর উত্ত্যক্তকারীর বিরুদ্ধে পুলিশ কী ব্যবস্থা নেয় এবং কী ধরনের অভিযোগ বেশি আসে, জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বলেন, মুঠোফোনে উত্ত্যক্ত করা, ভুয়া ফেসবুক আইডি খুলে হেনস্তা করা, কিংবা আসা-যাওয়ার পথে বিরক্ত করছে—এ ধরনের অভিযোগ তাঁরা বেশি পেয়েছেন। যেসব ক্ষেত্রে উত্ত্যক্তকারীর নাম-ঠিকানা বা মুঠোফোন নম্বর পুলিশ পেয়েছে, অভিভাবকসহ তাদের ডেকে সতর্ক করা হয়েছে। যাদের সতর্ক করা হয়েছে, তাদের বিরুদ্ধে আর অভিযোগ আসেনি।