বখাটে ধরা নিয়ে পুলিশের উৎসাহ
পুলিশ সুপার মো. শাহরিয়ার হোসেন গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রথম আলোকে জানান, ‘সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের হিজুলী গ্রামের স্কুলগামী দুই মেয়েকে উত্ত্যক্ত করার সময় দুই যুবককে হাতেনাতে আটক করেছে সদর থানার উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী। হিজুলী গ্রামে ভ্রাম্যমাণ আদালত বসবে। আপনারা সাংবাদিকেরা আসেন।’সঙ্গে সঙ্গে এসআই সেকেন্দার আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, হিজুলী গ্রামের দুই মেয়েকে উত্ত্যক্ত করার সময় গ্রামবাসী দুই যুবককে আটক করে পিটুনি দেয়। তিনি গিয়ে দুই যুবককে আটক করে পুলিশ লাইনে নিয়ে যান। দুই যুবকের বিচার করতে তাদের আবার হিজুলী গ্রামে নেওয়া হয়। দুপুর দেড়টার দিকে হিজুলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে বসে ভ্রাম্যমাণ আদালত। বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আসলাম উদ্দিন। আদালত সাক্ষী হিসেবে গ্রামবাসীর বক্তব্য জানতে চান। গ্রামবাসী জানায়, আটক দুই যুবক গ্রামে ভালো ছেলে বলে পরিচিত। পুলিশ অহেতুক তাদের আটক করেছে। ডেকে আনা হয় পুলিশের দাবি করা ‘উত্ত্যক্তের শিকার’ দুই মেয়ে ও তাদের অভিভাবকদের। দুই মেয়ে ও তাদের অভিভাবকেরা আদালতকে জানান, আটক দুই যুবকের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই। ঘটনাটি ষড়যন্ত্রমূলক। পরে এসআই সেকেন্দার আলীর বক্তব্য জানতে চান আদালত। এসআই সেকেন্দার জানান, গতকাল সকালে তাঁর মুঠোফোনে এক ছেলে কল করে জানায়, দুই যুবক হিজুলী গ্রামের স্কুলপড়ুয়া দুই মেয়েকে উত্ত্যক্ত করছে। এর ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে তিনি ওই গ্রাম থেকে দুই যুবককে আটক করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত দুই যুবককে পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সামাদ বাবলু বিশ্বাসের জিম্মায় দেন এবং মুঠোফোনে অভিযোগকারীকে খুঁজে বের করতে বলেন পুলিশকে। ম্যাজিস্ট্রেট মো. আসলাম উদ্দিন প্রথম আলোকে জানান, ‘এটা ষড়যন্ত্রমূলক। কেউ দুই যুবককে ফাঁসাতে পুলিশকে ফোন করে মিথ্যা তথ্য দিয়েছে।’ পরে এসআই সেকেন্দার আলী প্রথম আলোকে জানান, ‘মিথ্যা তথ্য দেওয়া মুঠোফোনকারীকে খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।’