বখাটে নূরুল আমিনের সন্ধানে বিজ্ঞপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে আজীবন বহিষ্কৃত শিক্ষার্থী বখাটে নূরুল আমিন ওরফে সবুজের সন্ধান চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, বিভিন্ন বিভাগ ও হলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একই সঙ্গে তাঁকে হলে ফিরিয়ে আনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে বের করার জন্য তিন সদস্যের একটি কমিটি করা হয়।
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ কাজী মোহাম্মদ কামাল উদ্দিনকে আহ্বায়ক করে ওই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই কমিটি গঠন করে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রশ্রয়ে ছাত্রী লাঞ্ছনায় অভিযুক্ত নূরুল আমিন ২১ মে থেকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ৩০০৪ ও ৩০৪ নম্বর কক্ষে অবস্থান শুরু করেন। ওই খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর গত শনিবার নূরুল আমিন একই হলের ২০৩ নম্বর কক্ষের এক শিক্ষার্থীর মোটরসাইকেলে করে পালিয়ে যান। বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আজীবন বহিষ্কৃত নূরুল আমিনের হলে ফেরায় আলোড়ন সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিজ্ঞপ্তি জারি ও তদন্ত কমিটি গঠন করে।
জানতে চাইলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, নূরুল আমিনকে যাঁরা প্রশ্রয় দিয়েছেন; তাঁদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আইনুল হক বলেন, ‘১৯ এপ্রিল বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ১০৯ নম্বর কক্ষে নূরুল আমিন বাংলা চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের এক ছাত্রীকে লাঞ্ছিত করে। এর আগে ২০১১ সালের ২৩ এপ্রিল একই ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তাকে আজীবন বহিষ্কার করে এবং বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করে। এর পরও তার হলে ফিরে আসায় আমরা বিস্মিত।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলী আশরাফ বলেন, নূরুল আমিনকে বিশ্ববিদ্যালয় আঙিনার যেখানে পাওয়া যাবে, সেখান থেকেই তাঁকে ধরে পুলিশে সোপর্দ করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই বখাটেকে গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছে।