বখাটে নূরুলকে গ্রেপ্তারের দাবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের এক ছাত্রী একই বিভাগের আজীবন বহিষ্কৃত ছাত্র নূরুল আমিন ওরফে সবুজের হাতে লাঞ্ছিত হওয়ার প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লার নাগরিক সমাজ, নারীনেত্রী, উন্নয়নকর্মী ও বিভিন্ন পেশাজীবীরা। তাঁরা দ্রুত বখাটে নূরুলকে গ্রেপ্তারের দাবি জানান।
গতকাল রোববার বেলা একটায় কুমিল্লা নগরের প্রত্যয় উন্নয়ন সংস্থা কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা ওই দাবি জানান। নারীনেত্রী এবং দুস্থ মা ও শিশুকল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দিলনাশি মোহসেনের সভাপতিত্বে ওই প্রতিবাদ সভা হয়।
সভায় কুমিল্লার নাগরিক সমাজের প্রতিনিধিরা অভিন্ন সুরে বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দুর্বল প্রশাসনিক ব্যবস্থা থাকায় প্রকাশ্যে ওই ছাত্রীকে লাঞ্ছিত করে পার পেয়ে যায় ওই বখাটে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দ্রুত অভিযুক্ত বখাটের বিরুদ্ধে মামলা দায়ের ও যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে।
গত শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে পরীক্ষা শুরুর আগে ওই ছাত্রীকে লাঞ্ছিত করে নূরুল আমিন। এরপর তিনি মোটরসাইকেলে করে পালিয়ে যান।