বখাটে বাবুলকে পুলিশে ধরিয়ে দিলেন মা-বোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শহরতলির দলদলি চা-বাগান এলাকায় স্কুলছাত্রীর বাবা বাদশা মিয়া (৫৫) খুনের মামলার প্রধান আসামি বখাটে বাবুল আহমদকে (২৬) পুলিশে ধরিয়ে দিয়েছেন তাঁর মা ও বোন। গত রোববার বিকেলে নগরের কাজিটুলার একটি বাসায় বাবুল আত্মগোপন করলে তাঁর মা আমিনা বেগম এ খবর জেনে পুলিশকে খবর দেন।পুলিশ জানায়, খবর পেয়ে সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বারেকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে বাবুলের মা আমিনা বেগম ও তাঁর দুই মেয়েসহ এলাকাবাসী বাবুলের অবস্থান চিহ্নিত করেন। পরে মা আমিনা বেগম বাবুলকে আত্মসমর্পণ করার কথা জানিয়ে সরাসরি পুলিশে সোপর্দ করেন। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ প্রথম আলোকে জানান, বাবুলকে গতকাল সোমবার আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে। গত ৩১ জুলাই রাত প্রায় সাড়ে আটটায় দলদলি চা-বাগান এলাকায় বাদশা মিয়া খুন হন বাবুলসহ একদল বখাটের হাতে।