প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়ার মাদ্রাসাছাত্রী হুরে জান্নাতকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার করা মিনহাজ উদ্দিনকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার রাতে মিনহাজকে ধরে চকরিয়া থানার পুলিশের কাছে সোপর্দ করেন কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার। বখাটে মিনহাজ কোনাখালী ইউনিয়নের খাতুরবাপের পাড়ার বাসিন্দা।
আহত হুরে জান্নাত কোনাখালী হেদায়তুল উলুম দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ও সেনঘোনা এলাকার মোকতার আহমদের মেয়ে। গত ৫ জানুয়ারি সকালে মাদ্রাসায় যাওয়ার পথে মিনহাজ তাকে ছুরিকাঘাত করে। বর্তমানে সে কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।
চকরিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম খান বলেন, গতকাল বিকেলে মিনহাজকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।