বখাটে রাজু শেখ গ্রেপ্তার, মেয়েটির অবস্থার উন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ ডায়েরি (জিডি) করায় বখাটেদের নির্মম নির্যাতনের শিকার পিরোজপুরের কলেজছাত্রীর অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। এদিকে সন্দেহভাজন বখাটে রাজু শেখকে (২৬) গত শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মেয়েটির দিনমজুর বাবা শুক্রবার সকালে মেয়েটিকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে পিরোজপুরের কাউখালী থানায় মামলা করেন। এতে কাউখালীর দাশেরকাঠি গ্রামের রাজু শেখসহ দুজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়। ওই দিন রাতেই বখাটে রাজুকে নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা কাউখালী থানার উপপরিদর্শক (এসআই) ওসমান গনি গতকাল রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, বখাটে রাজুকে গত শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে নির্যাতনের শিকার কলেজছাত্রী এখনো বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত ২৯ জানুয়ারি সে হাসপাতালের সার্জারি বিভাগের এফ-৪ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়। গতকাল দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, তার শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। এখন সে সামান্য খাবার খেতে পারছে এবং উঠে বসতে পারছে।
কলেজছাত্রী বলে, ‘আমার ওপর যে নির্মমতা হয়েছে, তা যেন আর কোনো মেয়ের ওপর না হয়। এ জন্যই আমি বখাটে রাজু ও তাঁর সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
পরিবার সূত্রে জানা যায়, মেয়েটি পিরোজপুরের কাউখালী উপজেলার একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। বখাটে রাজু শেখ (২৬) তাকে কলেজে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিলেন। সর্বশেষ গত ২৫ জানুয়ারি কলেজে যাওয়ার পথে মেয়েটিকে আটকান রাজু। বিয়েতে রাজি না হলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। কলেজে গিয়ে সে বিষয়টি শিক্ষকদের জানায়। শিক্ষকেরা তাকে থানায় জিডি করার পরামর্শ দেন। ওই দিনই সে থানায় গিয়ে জিডি করে বিকেলে বাড়িতে ফিরছিল। এ সময় রাজু ও তাঁর সহযোগীরা মেয়েটিকে প্রথমে কিল-ঘুষি মারেন এবং মাথার চুল টেনে ছিঁড়ে ফেলেন। পরে রড দিয়ে তাকে পেটানো হয়। মেয়েটি মাটিতে লুটিয়ে পড়লে তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে কামড়ান তাঁরা। মেয়েটিকে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চার দিন পর তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
কলেজছাত্রীর ভগ্নিপতি বলেন, ‘আমার শ্বশুর খুব গরিব মানুষ। দিনমজুরি করে সংসার চালান। আসামিরা এলাকায় প্রভাবশালী। তারা এ নিয়ে বাড়াবাড়ি না করার জন্য নানাভাবে আমাদের হুমকি দিচ্ছে। এই অবস্থায় আমরা নিরাপত্তাহীনতার মধ্যে আছি।’