বখাটে সুমন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আলোচিত মেধাবী স্কুলছাত্রী ইয়াসমিন হত্যা মামলার মূল আসামি বখাটে সুমনকে (১৭) পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার হিলি সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের হাতে সে ধরা পড়ে।পরে বিজিবি সুমনকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। সুমনকে পুলিশ গতকাল বুধবার গাইবান্ধা জ্যেষ্ঠ বিচারিক আদালতে হাজির করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।২৫ এপ্রিল বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর গ্রামে ইয়াসমিনের বাড়ির অদূরে বাঁশঝাড়সংলগ্ন ধানখেত থেকে ইয়াসমিনের লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসী ও পুলিশ জানান, ইয়াসমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় ইয়াসমিনের বাবা ইয়াছিন আলী একই গ্রামের ইসমাইলের পুত্র সুমনসহ পাঁচজনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন সুমনের খালাতো ভাই এরশাদ (১৯), ছোট বোন সুমনা (১৫), ভগ্নিপতি সাজু (৩০) ও বন্ধু আনিছুর (১৮)। মামলার পর পুলিশ সাজুকে গ্রেপ্তার করে।ইয়াসমিনের সহপাঠীরা জানায়, ইয়াসমিন উপজেলার তালুককানুপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়ত। স্কুলের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ ও অন্য শিক্ষকেরা জানান, এ ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আখতারুজ্জামান জানান, সুমনকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে এ ঘটনার সঙ্গে সে জড়িত নয় বলে দাবি করে।