বখাটেকে জরিমানার পর ছাত্রী অপহূত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১৮ মার্চের ঘটনা। উত্ত্যক্ত করার অভিযোগ এনে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের এক ছাত্রী। এক দিন পর ২০ মার্চ ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বখাটেকে তিন হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি আর কোনো দিন বখাটেপনা করবে না বলে মুচলেকা আদায় করা হয় বখাটের কাছ থেকে। প্রতিশোধ নিতে পরের দিনই চার বখাটে মিলে ওই ছাত্রীকে বাড়ির সামনে থেকে অপহরণ করে। বিগত ১২ দিনেও অপহূত ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।অপহূত ছাত্রীর ভগ্নিপতি উত্তম কুমার রায় জানান, তাঁর বাড়ি উপজেলার কিশামত পুনকর গ্রামে। শ্যালিকা তাঁর বাড়িতে থেকেই পড়াশোনা করত। উপজেলার নাজিম খান ইউনিয়নের মনারকুটি গ্রামের সাইফুর রহমানের ছেলে পলাশ হাসান (২০) বেশ কিছুদিন ধরে তাঁর শ্যালিকাকে উত্ত্যক্ত করে আসছিলেন। এ ঘটনায় শ্যালিকা নিজেই ইউএনওর কাছে অভিযোগ দিয়েছিল। পরে ইউএনও পলাশকে জরিমানা করেন।উত্তম কুমার অভিযোগ করেন, গত ২১ মার্চ পলাশ ও তাঁর তিন সহযোগী দুটি মোটরসাইকেলে করে এসে তাঁর (উত্তম) বাড়ির সামনে থেকে শ্যালিকাকে অপহরণ করেন। ঘটনার পর থেকে তাদের পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে তিনি বাদী হয়ে ওই দিনই রাজারহাট থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। কিন্তু গত ১২ দিনেও পুলিশ তাঁর শ্যালিকাকে উদ্ধার করতে পারেনি। এদিকে পলাশের বড় ভাই রিপন হাসান দাবি করেন, ‘ওদের মধ্যে প্রেম ছিল। শুনেছি ওরা বিয়ে করেছে।’ পলাশ এখন কোথায় আছেন জানতে চাইলে কোনো জবাব দেননি রিপন।মামলার তদন্তকারী কর্মকর্তা রাজারহাট থানার এসআই জাহিদ বলেন, ‘অপহূত ছাত্রীসহ জড়িত ব্যক্তিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা চেষ্টা করছি।’ রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুল ইসলাম জানান, তাঁদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে। ইউএনও রাহেনুল ইসলাম বলেন, ‘মেয়েটি নিজেই ইভ টিজিংয়ের অভিযোগ করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ছেলেকে শাস্তি ও জরিমানা করা হয়।’