বখাটেকে জুতাপেটা করল ছাত্রীরাই
নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে গত রোববার সজীব নামের এক বখাটেকে ছাত্রীরাই জুতাপেটা করেছে। এ ছাড়া কয়েক শ এলাকাবাসীর সামনে তাকে কান ধরে উঠবস করানো হয় এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলার গোপালদী বালিকা উচ্চবিদ্যালয়ে এক সালিস বৈঠকে ছাত্রী উত্ত্যক্তকারীকে এ শাস্তি ও জরিমানা করা হয়।গোপালদী বালিকা উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যরা জানান, ওই বখাটের উৎপাতের কারণে অনেক ছাত্রী বিদ্যালয়ে আসতে চায় না। এ কারণে সালিসে সজীবকে শাস্তি দেওয়া হয়েছে।অভিযোগ পাওয়া গেছে, প্রতিদিন স্কুলে আসা-যাওয়ার সময় সজীব সাহা (২০) বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটি এ নিয়ে সালিস বৈঠক ডাকে। সালিসে সজীব দোষী সাব্যস্ত হলে এলাকার শত শত লোকের সামনে বিদ্যালয়ের প্রতি ক্লাসের ছাত্রীদের দিয়ে তাকে জুতাপেটা এবং শতাধিকবার কান ধরে উঠবস করানো হয়। এ ছাড়া পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম জানান, ছাত্রী উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে শাস্তি দেওয়ার বিষয়টি তিনি শুনেছেন।