বখাটেকে ধাওয়া দিল ছাত্রীরা
নীলফামারীর সৈয়দপুর শহরের মুন্সিপাড়া মহল্লার এক বখাটেকে ধাওয়া দিয়েছে ছাত্রীরা। পরে ওই বখাটের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয় তারা।
অভিযোগে বলা হয়েছে, মুন্সিপাড়া মহিলা ডিগ্রি কলেজ মোড় এলাকার কুরবান আলী (২২) নামের এক তরুণ দীর্ঘদিন ধরে মেয়েদের উত্ত্যক্ত করে আসছিলেন। গতকাল সোমবার দুপুরে সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে ওই তরুণ এক ছাত্রীকে উদ্দেশ করে বাজে মন্তব্য করেন এবং ছাত্রীটির পথরোধ করেন তিনি। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ছাত্রীরা একজোট হয়ে তাঁকে ধাওয়া করে। তবে ওই বখাটে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। পরে ছাত্রীরা সৈয়দপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দেয়। থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, কুরবানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বলেন, কুরবান ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে ছাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করে আসছেন। বিষয়টি তাঁর অভিভাবককে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।