বখাটেদের অত্যাচার সইতে না পেরে স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বখাটেদের অত্যাচার সইতে না পেরে জাহেদা আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে। জাহেদা চরমজিদ গ্রামের আবু তাহেরের মেয়ে এবং স্থানীয় পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী। পরিবারের অভিযোগ, স্কুলে যাওয়ার পথে জাহেদাকে প্রায়ই উত্ত্যক্ত করত একই গ্রামের বখাটে যুবক হেলাল উদ্দিন ও জসিম। এ ব্যাপারে জাহেদার বাবা বখাটেদের অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার দেন। কিন্তু কেউ কোনো ব্যবস্থা নেননি। এতে বখাটেরা আরও বেপরোয়া হয়ে ওঠে। শনিবার স্কুল থেকে ফেরার পথে ওই বখাটেরা জাহেদাকে আবারও উত্ত্যক্ত করে এবং অশ্লীল কথাবার্তা বলে। জাহেদা বাড়িতে ফিরে বিষয়টি তার বাবাকে জানায়। এরপর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সে বিষপান করে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।জাহেদার মামা আবদুল বারি অভিযোগ করেন, তাঁর ভাগনি বখাটেদের অত্যাচার সইতে না পেরে আত্মহত্যা করেছে। ঘটনার পরপরই দুই বখাটে আত্মগোপন করেছে।জানতে চাইলে পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাশার মঞ্জু বলেন, মেয়েটিকে উত্ত্যক্ত করার বিষয়টি তার বাবা শনিবার দুপুরে তাঁকে জানিয়েছিলেন। কিন্তু তিনি কোনো পদক্ষেপ নেওয়ার আগেই সন্ধ্যায় মেয়েটির আত্মহত্যার খবর পান। তিনি বলেন, ‘এখন আইন অনুযায়ী যা হওয়ার তা-ই হবে।’সুবর্ণচরের চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম চৌধুরী জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। একই সঙ্গে উত্ত্যক্ত করার অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।