বখাটেদের অত্যাচার সয়ে স্কুলে যায় ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী শহরে প্রতিদিন বখাটেরা স্কুলগামী ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করছে। দীর্ঘদিন এ অত্যাচার সহ্য করে স্কুলে যাওয়া-আসা করছে মেয়েরা। এ নিয়ে ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী জানান, মেয়েদের স্কুলে যাওয়ার সময় বখাটেরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে। প্রতিদিন বখাটেরা কাজীপাড়া সড়ক, সেরকান্দি-হলবাজার সড়ক, মসলেম উদ্দিন সড়কের মোড়ে মোড়ে জটলা করে। এ ছাড়া মুঠোফোনে ফ্লেক্সিলোড করে এমন দোকান থেকে বখাটেরা ফোন নম্বর জোগাড় করে মেয়েদের উত্ত্যক্ত করে। ছাত্রীদের অভিযোগ, বখাটেরা রাস্তাঘাটে ফোন নম্বর দিয়ে প্রেমের প্রস্তাব দেয়। গায়ে ঢিল ছুড়ে মারে এবং নানা ধরনের কটূক্তি করে। বখাটেরা স্থানীয় হওয়ায় এবং প্রভাবশালীদের সঙ্গে সম্পর্ক থাকায় তারা প্রতিবাদ করার সাহস পায় না। কয়েকজন অভিভাবক বলেন, ‘বখাটেরা মেয়েদের ওড়না ধরে টান দেয়। প্রেমের প্রস্তাব দেয়। প্রেমে রাজি না হলে অপহরণের হুমকি দেয়। লোকলজ্জার ভয়ে আমাদের অনেক কিছু সহ্য করতে হয়।’ বখাটেদের রুখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মানিকহার রহমান কয়েকবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কয়েকজনকে শাস্তি দিলেও এর কোনো সুরাহা হচ্ছে না। জানা গেছে, কিছুদিন আগে এলঙ্গীপাড়ার এক ভ্যানচালক তাঁর সপ্তম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে বিয়ে দিতে উদ্যোগী হন। পরে এলাকাবাসী তাঁকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে জানালে তিনি ওই বিয়ে ভেঙে দেন এবং মেয়ের বিয়ের কারণ হিসেবে বখাটেদের অত্যাচারের কথা জানান। কুমারখালী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, ‘স্কুল শুরু ও ছুটির সময় রাস্তায় বখাটেরা নানাভাবে মেয়েদের নাজেহাল করে। কয়েকবার থানাকে বলেছি। তারা সাময়িকভাবে ব্যবস্থা নেয়। কিন্তু কয়েক দিন পর আবার বখাটেদের উৎপাত শুরু হয়ে যায়।’ কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, ‘স্কুল কর্তৃপক্ষ আমাদের কাছে লিখিত অভিযোগ করে না। ফলে ব্যবস্থা নিতে পারি না।’ ইউএনও মানিকহার রহমান বলেন, ‘সু্কলে যাওয়ার পথে ছাত্রীদের যাতে কোনো সমস্যা না হয়, সে ব্যবস্থা নেব।’