বখাটেদের উত্ত্যক্তের শিকার এবার শিক্ষিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলশিক্ষিকাকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এবার কক্সবাজারের টেকনাফ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক বখাটেদের হামলার শিকার হয়েছেন। গত সোমবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত শিক্ষককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বিদ্যালয়ের ছুটির পর হেঁটে বাড়ি যাচ্ছিলেন ওই শিক্ষিকা (২৭)। এ সময় স্থানীয় মো. হানিফের (২৫) নেতৃত্বে কয়েকজন যুবক তাঁকে উত্ত্যক্ত করে। তাঁর স্বামী (একই বিদ্যালয়ের শিক্ষক) মানিক মিয়া (৩৮) এর প্রতিবাদ করলে বখাটেরা রামদা দিয়ে তাঁকে আঘাত করে। এতে মানিকের মাথা ফেটে যায়। পরে স্থানীয় লোকজন আহত শিক্ষককে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বখাটেদের উত্ত্যক্তের শিকার ও আহত শিক্ষকের স্ত্রী বাদী হয়ে টেকনাফ থানায় মো. হানিফকে আসামি করে একটি মামলা করেছেন।টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. এরফান আনসারী জানান, ধারালো অস্ত্রের আঘাতে মানিকের মাথা ফেটে গেছে। চোখেও আঘাত পেয়েছেন। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাঁর অবস্থা আশঙ্কাজনক।উত্ত্যক্তের শিকার শিক্ষিকা বলেন, সোমবার রাত থেকে কয়েকজন যুবক তাঁর বাড়ির সামনে এসে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। তারা তাঁকে অপহরণের হুমকি দিচ্ছে। তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।ওই শিক্ষিকার পরিবার অভিযোগ করেছে, আগে ওই শিক্ষিকা অন্য বিদ্যালয়ে ছিলেন। হানিফ দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ে যাওয়া-আসার পথে তাঁকে উত্ত্যক্ত করত। বিষয়টি জানার পর নিরাপত্তার স্বার্থে ওই শিক্ষিকাকে তাঁর স্বামীর বিদ্যালয়ে বদলি করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। তার পরও হানিফ তাঁকে উত্ত্যক্ত করে চলেছে। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এরশাদুর রহমান বলেন, ‘স্কুল-কলেজের ছাত্রীদের পাশাপাশি শিক্ষিকারাও এখন বখাটেদের হামলার শিকার হচ্ছেন। হানিফকে দ্রুত গ্রেপ্তার করা না হলে শিক্ষক সমিতি মাঠে নামতে বাধ্য হবে।’টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন জানান, এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, বখাটে হানিফকে ধরার চেষ্টা চলছে।