বখাটেদের উৎপাত, ছাত্রীরা অতিষ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটক, কলেজের ছাত্রীনিবাসের ফটক ও ছাত্রীনিবাসে যাওয়ার রাস্তায় বখাটেদের উপদ্রুব চরম আকার ধারণ করেছে। এ কারণে কলেজের ছাত্রীদের প্রতিনিয়ত নাজেহাল হতে হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে কলেজের কয়েকজন ছাত্রী জানান, দিনের বেশির ভাগ সময় হাসপাতালের ফটকে বখাটেরা জটলা বেঁধে মেয়েদের উত্ত্যক্ত করে। এ ছাড়া হাসপাতালের ফটক থেকে ছাত্রীনিবাসের ফটক পর্যন্ত রাস্তায় বখাটেরা তিন-চারজন করে দলে দলে বিভক্ত হয়ে ঘোরাফেরা করে ও নানাভাবে ছাত্রীদের উত্ত্যক্ত করে। বখাটেরা হাসপাতালের নির্মাণাধীন একটি ভবনের ছাদে উঠে মাত্র ১৫ মিটার দূরে অবস্থিত ছাত্রীনিবাসের ছাত্রীদের উত্ত্যক্ত করে। ছাত্রীরা বখাটেদের উৎপাতের কারণে ছাত্রীনিবাসের ছাদে যেতে পারেন না, এমনকি জানালা পর্যন্ত খুলতে পারেন না। ফলে ছাত্রীনিবাসে তাঁদের এক প্রকার অবরুদ্ধ থাকতে হচ্ছে। ছাত্রীরা জানান, রাতের পালায় যেসব ছাত্রী হাসপাতালে দায়িত্ব পালন করেন, তাঁদের সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়তে হয়। তাঁদের অত্যন্ত ঝুঁকি নিয়ে হাসপাতাল থেকে ছাত্রীনিবাস পর্যন্ত রাস্তা অতিক্রম করতে হয়। ফরিদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর চৌধুরী বলেন, ‘এ সমস্যাটি অনেক দিনের। শিক্ষার্থীরা আমাকে বিষয়টি জানিয়েছে।’