প্রতিবেশীদের কাছে শুনেছেন রাজধানীর কালশী নতুন রাস্তায় প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে বিনোদনকেন্দ্র। চমৎকার সময় কাটানো যায়। তাই পরিবারের সদস্যদের নিয়ে গত সোমবার এখানে বেড়াতে এসেছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা। কিন্তু সঙ্গে আসা বড় ভাইয়ের কলেজপড়ুয়া মেয়েকে দিনের আলোতেই দুজন মোটরসাইকেল আরোহী উত্ত্যক্ত শুরু করে।
একবার মোটরসাইকেল আরোহীরা পার হয়ে চলে গিয়েছিল, কিন্তু আবার মোটরসাইকেল ঘুরিয়ে পেছন পেছন আসে। শেষে তিনি প্রতিবাদ করায় চলে যায়। ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, ‘অনেকের কাছে শুনে শুনে বাসার সবাই আসতে চাচ্ছিল। ভাবলাম ঢাকায় ঘোরার জায়গা নাই, সবাইকে নিয়ে আসি। জায়গা সুন্দর, কিন্তু নিরাপত্তাব্যবস্থা তো নাই।’
কালশী থেকে মিরপুর ডিওএইচএস পর্যন্ত সংস্কার হওয়া নতুন রাস্তার পাশে কিছুটা ফাঁকা জায়গা এবং ঝিল থাকায় অনেকেই পরিবার-পরিজন নিয়ে বেড়াতে আসতেন। মূলত নতুন রাস্তায় পল্লবী ডি ব্লকের এক নম্বর সড়কের সামনে অবস্থিত মিরপুর আর্মি ক্যাম্প ক্যানটিন থেকে মিরপুর ডিওএইচএসের প্রবেশমুখ পর্যন্তই লোকজনের আনাগোনা বেশি। এ জায়গাটি অনেকের কাছে ‘সাগুফতা’ নামেও পরিচিত।
এখানে চটপটি-ফুচকা, আইসক্রিম, পপকর্নসহ নানা ধরনের খাবারের অন্তত ৫০টি অস্থায়ী দোকান গড়ে উঠেছে। অন্তত ১০ জন দোকানদারের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তাঁরা বলেন, আগে বিকেল হলে পরিবারের সদস্যদের নিয়ে অনেকেই বেড়াতে আসতেন। সন্ধ্যার পরেও এ এলাকা সরগরম থাকত। ব্যবসাও ভালো হতো। কিন্তু কিছুদিন থেকে স্থানীয় বখাটেদের উৎপাত বেড়ে যাওয়ায় সন্ধ্যার আগেই লোকজন কমে যায়।
গত সোম ও শুক্রবার বিকেল থেকে প্রায় দুই ঘণ্টা করে এ এলাকায় থেকে দোকানদারদের কথার সত্যতা পাওয়া যায়। আট-দশজনের একাধিক দলকে দেখা যায় রিকশার নারীযাত্রীদের উদ্দেশে নানা ধরনের অশ্লীল মন্তব্য করতে, শিস বাজাতে। ফুটপাত দিয়ে হেঁটে যাওয়া নারীরাও তাদের উত্ত্যক্তের শিকার হচ্ছিলেন।
দেখা যায়, মিরপুর আর্মি ক্যাম্প ক্যানটিন থেকে ডিওএইচএসের প্রবেশমুখ পর্যন্ত সড়কে যান চলাচল তুলনামূলক কম। এ সুযোগে মোটরসাইকেলচালকেরা নানা কসরত দেখানোর চেষ্টা করছে, যা ‘বাইক স্ট্যান্ট’ নামে পরিচিত। বেপরোয়া গতিতে চালাচ্ছে মোটরসাইকেল। অনেক চালকের পেছনে একজন সঙ্গীও আছে। মোটরসাইকেল আরোহীদের অধিকাংশই উঠতি বয়সী, তরুণ।
দোকানদারদের ভাষ্যমতে, মোটরসাইকেল আরোহীরা নানা জায়গা থেকে এলেও উত্ত্যক্তকারীদের অধিকাংশই আশপাশের কালশী, কালাপানি, বেগুনটিলা বস্তি ও নতুন কুর্মিটোলা ক্যাম্প এলাকা থেকে আসে। কালশী নতুন রাস্তার পাশেই বেগুনটিলা বস্তি ও কুর্মিটোলা ক্যাম্প। দল বেঁধে আসায় দোকানদারেরাও এসব বখাটেদের কিছু বলার সাহস পায় না।
বখাটেদের উৎপাত ও মোটরসাইকেলের বেপরোয়া চালনার বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, ‘এখানে কিছু পোলাপান মোটরসাইকেল নিয়ে ঘোরে। ঈদের আগে থেকে এখানে নিবন্ধনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালানোয় এদের উৎপাত কিছুটা কমেছে।’ তিনি জানান, কালশী নতুন রাস্তার মোড় থেকে ডিওএইচএসে পুলিশের একটি টহল দল আছে। সার্বক্ষণিক তারা এখানে দায়িত্ব পালন করে। তিনি কারও সঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে বা কেউ উত্ত্যক্তের শিকার হলে তাৎক্ষণিকভাবে টহল পুলিশকে জানাতে বলেছেন।
এদিকে পরিবার নিয়ে লোকজন বেড়াতে আসায় আর্মি ক্যাম্প ক্যানটিনের সামনে দাঁড়ানো রিকশাচালকেরা বেশি ভাড়া আদায় করেন বলে ঘুরতে আসা লোকজন অভিযোগ করেন। পল্লবী ডি ব্লক থেকে মিরপুর-১০ নম্বরের ভাড়া ৫০ টাকা হলেও ক্যানটিনের সামনে থেকে ভাড়া নেওয়া হচ্ছে ৭০ টাকা।