বখাটেদের উৎপাতে অতিষ্ঠ ফুলপুরের ছাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বখাটেদের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছে স্কুল-কলেজের ছাত্রীরা। এ অবস্থায় মেয়েদের নিরাপত্তা নিয়ে অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বখাটেদের হাত থেকে রক্ষা পেতে অনেক অভিভাবকই নিয়মিত মেয়েদের বিদ্যালয়ে আনা-নেওয়া করছেন।এলাকাবাসী ও অভিভাবকেরা জানান, ক্লাস শুরু ও ছুটির সময় বখাটেরা স্কুল-কলেজের প্রবেশপথ ও বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করে। উপজেলার সাহেব রোড, শিববাড়ী রোড, হাজী রোডের মোড়, স্কুল রোডসহ বিভিন্ন এলাকায় বখাটেরা দল বেঁধে দাঁড়িয়ে থাকে।ভুক্তভোগী কয়েকজন ছাত্রী প্রথম আলোকে জানায়, স্কুল-কলেজে আসা-যাওয়ার পথে বখাটেরা মুঠোফোন নম্বর লিখে ছাত্রীদের গায়ে ছুড়ে দেয়। অনেকে প্রকাশ্যেই মুঠোফোনে ছবি তুলে নিয়ে যায়। উচ্চস্বরে গান ও শিস বাজায়। অনেক সময় বখাটেরা তাদের পিছু নিয়ে বাড়ি ও স্কুল পর্যন্ত চলে আসে।নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক জানান, তাঁর মেয়েকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রতিদিন বখাটেরা উত্ত্যক্ত করে। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে বাসায় না ফেরা পর্যন্ত সবাইকে উদ্বিগ্ন থাকতে হয়। আজিজুল ইসলাম নামের একজন অভিভাবক জানান, বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।নাম প্রকাশে অনিচ্ছুক ফুলপুর রূপসী উচ্চবিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক বলেন, গত সপ্তাহে স্কুল শেষে ছাত্রীরা বাড়ি ফেরার সময় বখাটেরা রাস্তা অবরোধ করে অশ্লীল কথাবার্তা বলে। এ ঘটনার বিচারের দাবিতে ছাত্রছাত্রীরা দুই দিন ক্লাস বর্জন করে। পরে ওই ঘটনায় অভিযুক্ত এক বখাটেকে অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে স্কুলমাঠে এনে সতর্ক করে দেওয়া হয়।ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম বলেন, ‘মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে গত মাসের শেষ সপ্তাহে ছন্দরা ইউনিয়ন থেকে এক বখাটেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। উত্ত্যক্তের ব্যাপারে আমাদের জানালে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়।’