বখাটেদের উৎপাতে গাইবান্ধা সরকারি কলেজের ৩২ আসনবিশিষ্ট ছাত্রাবাস এক যুগ ধরে বন্ধ রয়েছে। ফলে দূরের ছাত্ররা আবাসিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। রাতে ছাত্রাবাসে জুয়ার আসর বসানো হয়। এমনকি দিনে কলেজ চলাকালেও ছাত্রাবাসের ভবনের ছাদে জুয়াখেলা চলে। কর্তৃপক্ষের সামনে এসব ঘটলেও দেখার যেন কেউ নেই। কলেজ সূত্র এবং ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৪৭ সালে স্থাপিত এই কলেজে বর্তমানে ছাত্রছাত্রী প্রায় ১০ হাজার। ১৯৮০ সালে সর-কারীকরণের পর ক্যাম্পাসে ছাত্রা-বাসটি নির্মিত হয়। তখন ছাত্রদের কোলাহলে মুখরিত ছিল ছাত্রাবাসটি। কিন্তু স্থানীয় একশ্রেণীর মাস্তান, মাদকসেবী ও বখাটে ছাত্রাবাসের ছাত্রদের কাছ থেকে চাঁদা আদায় করতে শুরু করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ছাত্রদের মারধর করে। রাতে ছাত্রাবাস কক্ষে জোরপূর্বক জুয়ার আসর বসানো হয়। ছাত্রাবাস থেকে আবাসিক ছাত্রদের বের করে দিয়ে বখাটেরা সেখানে মাদ্রকদ্রব্য সেবন করে। এসব কারণে ১৯৯৯ সাল থেকে ছাত্রাবাসটি বন্ধ রয়েছে।কলেজের প্রাক্তন ছাত্র ও সাদুল্যাপুর উপজেলার রসুলপুর গ্রামের সাজ্জাদ হোসেন বলেন, ‘আমি কলেজের ছাত্রাবাসে ছিলাম। কিন্তু বখাটেদের উৎপাতে এক মাস পরই ছাত্রাবাস ছাড়তে বাধ্য হয়েছি।’ কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ এই কলেজের কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণে বখাটেদের কাছে সাধারণ ছাত্রছাত্রীরা জিম্মি হয়ে পড়েছে। এ ছাড়া ক্যাম্পাসে প্রকাশ্যে সাধারণ ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা-পয়সা ছিনতাই হচ্ছে। কর্তৃপক্ষের সামনে এসব ঘটলেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সুন্দরগঞ্জ উপজেলার বেলকা গ্রামের বাসিন্দা ও কলেজের সম্মান প্রথম বর্ষের এক ছাত্র বলেন, জেলা শহর থেকে আমাদের গ্রামের দূরত্ব প্রায় ৩০ কিলেমিটার। প্রতিদিন বাসে কলেজে যাতায়াত করতে হচ্ছে। ছাত্রাবাস থাকলে ঝুঁকি নিয়ে চলতে হতো না। কিন্তু কলেজ কর্তৃপক্ষ এটি চালুর বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না।অধ্যক্ষ রেজাউল করিম কর্তৃপক্ষের দায়িত্বহীনতার অভিযোগ অস্বীকার করে বলেন, সীমানাপ্রাচীর না থাকায় বহিরাগতরা ক্যাম্পাসে এসব ঘটনা ঘটাচ্ছে। গোটা কলেজের সীমানাপ্রাচীর নির্মাণে শিক্ষা প্রকৌশল বিভাগে লিখিত আবেদন জানানো হয়েছে। তিনি বলেন, ‘ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা-পয়সা ছিনতাই রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। পুলিশ নিয়মিত ক্যাম্পাসে টহল দিচ্ছে। আর আমরা কাউকে জুয়া খেলতে দেখলে তাদের তাড়িয়ে দিই।’