বখাটেদের উৎপাতে কলেজ ছাড়তে বাধ্য হচ্ছেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বখাটেদের অব্যাহত হুমকি ও তাদের হাতে লাঞ্ছিত হওয়ায় বরগুনা সরকারি কলেজের দুই ছাত্রী লেখাপড়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা গত রোববার ওই কলেজের অধ্যক্ষের কাছে ছাড়পত্র চেয়ে আবেদন করেছেন।জানা গেছে, এই দুই ছাত্রীর মধ্যে একজন ব্যবস্থাপনা বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষে এবং আরেকজন হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে লেখাপড়া করেন। তাঁরা সম্পর্কে আপন বোন। ১৭ মে তাঁদের সমাপনী পরীক্ষা। বখাটের উৎপাত বেড়ে যাওয়ায় তাঁরা পড়ালেখা বন্ধ করে দিয়ে গ্রামের বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ওই দুই ছাত্রী জানান, এলাকার শাতিল, রাজু, মামুন, বশির, শাহিনসহ কয়েকজন বখাটে তাঁদের বাসার সামনের রাস্তায় আড্ডা দেয় এবং কলেজে যাওয়ার পথে নানাভাবে তাঁদের উত্ত্যক্ত করে। একপর্যায়ে বখাটেদের হুমকির কারণে তাঁরা বাড়ির বাইরে গিয়ে প্রাইভেট পড়া বন্ধ করে দেন। ৫ মে রাত আটটায় বখাটেরা বাড়ির মধ্যে ঢুকে তাঁদের বাইরে যেতে বলে। রাজি না হওয়ায় বখাটেরা তাঁদের জোর করে বাইরে নিয়ে যেতে চায়। এ ঘটনার প্রতিবাদ করলে বখাটেরা তাঁদের বাসায় বেড়াতে আসা ভগ্নিপতিকে ধরে বাইরে নিয়ে মারধর করে।বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল কুদ্দুস বলেন, ‘আমি ওই দুই ছাত্রীর নিরাপত্তার জন্য ব্যবস্থা নিতে পুলিশ সুপারের কাছে লিখিতভাবে অভিযোগ দিয়েছে।’ পুলিশ সুপার মাহবুব হাকিম বলেন, ‘অধ্যক্ষ সাহেবের লিখিত অভিযোগ আমি পেয়েছি এবং বিষয়টি দেখার জন্য বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি।’