বখাটেদের উৎপাতে দুই ছাত্রীর লেখাপড়া বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলেজে যাওয়া-আসার পথে বখাটে যুবকেরা উত্ত্যক্ত করায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার মোলাপাড়া গ্রামে দুই কলেজ ছাত্রীর লেখাপড়া বন্ধ হয়ে গেছে। আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রাম মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর দুই ছাত্রীর অভিভাবকেরা অভিযোগ করেন, কলেজে আসা-যাওয়ার পথে দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী বারহাজার বরিয়ালী গ্রামের আশ্রাফ সন্যামাতসহ কয়েকজন তাঁদের মেয়েদের উত্ত্যক্ত করছিল। রোববার কলেজ যাওয়ার পথে উপজেলার বেলুহার এলাকায় বখাটে যুবক আশ্রাফ সহযোগীদের নিয়ে ওই ছাত্রীদের শ্লীলতাহানির চেষ্টা চালায়। একই দিন বাড়ি ফেরার পথে রত্নপুরে আশ্রাফ এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এসব ঘটনায় গত সোমবার থেকে ওই দুই কলেজ ছাত্রীর অভিভাবকেরা তাঁদের পড়ালেখা বন্ধ করে দিয়েছেন।