বখাটেদের উৎপাতে নারী চিকিৎসকেরা অসহায়
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত নারী চিকিৎসকেরা বখাটেদের উৎপাতে অসহায় হয়ে পড়েছেন। বখাটেরা কারণে-অকারণে চিকিৎসকদের কক্ষে প্রবেশ করে অশোভন আচরণ করে থাকে। এ বিষয়ে প্রতিবাদ করলে চিকিৎসকদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং মারধর করতে উদ্যত হয় বখাটেরা। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফারজানা রশিদ স্থানীয় এক বখাটের উত্ত্যক্তের শিকার হন। এ ঘটনায় বিচার চেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের নবাগত চিকিৎসকেরা একজোট হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগে ফারজানা রশিদ বলেন, ‘শুক্রবার সন্ধ্যা সাতটায় মনোয়ারা বেগম ও ফাহিমা আক্তার নামের দুজন রোগী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। সেখানে আগে থেকেই স্থানীয় বখাটে সাহাবুদ্দিন মিন্টু চেয়ারে বসা ছিল। রোগীদের চিকিৎসার সময় আমি তাকে (মিন্টু) কক্ষ থেকে বের হয়ে যেতে বলি। এ সময় সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে আমাকে মারতে উদ্যত হয়।’ ফারজানা আরও বলেন, ‘তিন-চার মাস আগেও মিন্টু আমার সঙ্গে খারাপ আচরণ করেছে।’ স্বাস্থ্য কমপ্লেক্সের আরেক চিকিৎসক দ্বীনা লায়লা বলেন, ‘কয়েক দিন আগে এক ছাত্রনেতা একজন রোগী নিয়ে আমার কাছে আসে। সে আমার টেবিলের ওপর ঝুঁকে দাঁড়িয়েছিল। আমি তাকে ভালোভাবে বসার জন্য বললে সে আমাকে দেখে নেবে বলে যাচ্ছেতাই আচরণ করে।’ চিকিৎসক সাবরিনা সুলতানা বলেন, ‘আমার বাসার সামনে রাতে কয়েকজন যুবক নেশা করে চিৎকার-চেঁচামেচি করছিল। এ অবস্থায় তাদের সেখান থেকে চলে যেতে বললে তারা আমাকে গালিগালাজ করে ও হুমকি দেয়।’ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রদীপ কুমার দত্ত বলেন, কয়েক মাস ধরে বখাটেরা নারী চিকিৎসকদের কারণে-অকারণে বিরক্ত করে। স্বাস্থ্য কমপ্লেক্সে নেশা করা প্রসঙ্গে তিনি বলেন, সীমানাপ্রাচীর না থাকায় যখন-তখন বখাটেরা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে বিভিন্ন ঘটনা ঘটিয়ে চলে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গাউছুল আজম বলেন, ইতিমধ্যে থানা-পুলিশকে ওই বখাটে যুবককে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।