বখাটেদের উৎপাতে পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বখাটেদের উৎপাতের কারণে গতকাল রোববার জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলী উচ্চবিদ্যালয়ের প্র্রথম সাময়িক পরীক্ষা স্থগিত করা হয়েছে। উৎপাতের শিকার হওয়া ছাত্রীরা ও তাদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে।গ্রামবাসী সূত্রে জানা গেছে, কেন্দুয়া ইউনিয়নের গহেরপাড়া এলাকার বখাটে যুবক শামীম, রফিকুল ও শফিকুল দীর্ঘদিন ধরে নারিকেলী উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল। গত শনিবার রাতে তারা গহেরপাড়া থেকে পার্শ্ববর্তী তিতপল্লা গ্রামে গিয়ে ওই বিদ্যালয়ে অধ্যয়নরত তিন ছাত্রীকে অপহরণের চেষ্টা চালায়। গ্রামবাসী তাদের হাতেনাতে আটক করে পিটুনি দিয়ে ছেড়ে দেয়।এর জের ধরে গতকাল শামীমের নেতৃত্বে একদল যুবক সকাল সাড়ে নয়টার দিকে এক ছাত্রীর ভাই এক অটোরিকশার চালককে মারধর করে। এর প্রতিবাদে অটোরিকশার চালকেরা জামালপুর-টাঙ্গাইল সড়কে প্রায় দুই ঘণ্টা অটোরিকশা চলাচল বন্ধ রাখে। এ নিয়ে তিতপল্লা ও গহেরপাড়া গ্রামের যুবকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ অবস্থায় তিতপল্লা গ্রামের ছাত্রীরা বখাটেদের আক্রমণের শিকার হওয়ার ভয়ে গতকাল বিদ্যালয়ে যেতে পারেনি। পরে কর্তৃপক্ষ ও বিদ্যালয় পরিচালনা কমিটি জরুরি বৈঠক করে গতকালের সব পরীক্ষা স্থগিত করে দেয়। নারিকেলী উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, বখাটেদের উৎপাতের ভয়ে তিতপল্লা গ্রামের ছাত্রীরা পরীক্ষা দিতে আসতে না পারায় রোববারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার (আজ) যথারীতি পরীক্ষা হবে এবং পরীক্ষা শেষে বিকেল পাঁচটায় সালিস বৈঠক করে বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।