বখাটেদের উৎপাতে বিদ্যালয়ে যাওয়া বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বখাটেদের উৎপাতে বিদ্যালয়ে যেতে পারছে না পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাইনখালী গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রী। মেয়েটির পরিবার থেকে এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।ওই ছাত্রীর মা জানান, বিদ্যালয়ে যাতায়াতের পথে বখাটে আবুল খায়ের, আলীম ও আলাউদ্দিন ছয় মাস ধরে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করে আসছে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও বিদ্যালয়ের শিক্ষকদের জানানো হয়। কিন্তু এতে কোনো কাজ হয়নি। ১২ অক্টোবর বিদ্যালয়ে যাওয়ার পথে বাইনখালী আইপিএম ক্লাবের কাছে আলাউদ্দিন তাঁর মেয়ের সঙ্গে কথা বলতে চায়, আলীম তার হাত টেনে ধরে ও আবুল খায়ের ওড়নায় টান দেয়। এ সময় সহপাঠীরা চিৎকার করলে স্থানীয় কয়েকজন এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়।প্রধান শিক্ষক মো. শাহ আলম বলেন, মেয়েটির পরিবার থেকে বিষয়টি জানানোর পর তাঁরা বখাটেদের অভিভাবকদের সতর্ক করেছিলেন। কিন্তু কোনো কাজ হয়নি। মেয়েটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়ার পরও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। মেয়েটি এখন বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে। পিরোজপুর সদর থানার উপপরিদর্শক মো. হাবিবুল্লাহ বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ১৬ অক্টোবর বাইনখালীতে গিয়েছিলাম। তদন্তে মেয়েটির পরিবারের অভিযোগের সত্যতা খুঁজে পাওয়া গেছে।’আবুল খায়ের, আলীম ও আলাউদ্দিনের সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।