বখাটেদের গ্রেপ্তারের দাবিতে ছাত্রীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ের তিন ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদে ও বখাটেদের গ্রেপ্তারের দাবিতে পাবনার ঈশ্বরদীর রূপপুর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাবেশ, মানববন্ধন ও পথসভা করেছে। পাকশীর রূপপুর বিবিসি বাজার এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে এই কর্মসূচি পালন করা হয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, রূপপুর বালিকা বিদ্যালয়ের তিন ছাত্রী গত রোববার স্কুল ছুটি শেষে বাড়ি ফিরছিল। বেলা সাড়ে তিনটার দিকে রাস্তায় ফাঁকা পেয়ে কয়েকজন বখাটে তাদের উত্ত্যক্ত ও শ্লীলতাহানি করে পালিয়ে যায়। সোমবার ঘটনাটি জানাজানি হলে বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা এ নিয়ে বৈঠকে বসেন। বৈঠক শেষে ওই দিনই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঈশ্বরদী থানায় তিন বখাটের বিরুদ্ধে মামলার জন্য একটি অভিযোগ জমা দেন।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন জানান, ঈশ্বরদী থানায় তিন বখাটের বিরুদ্ধে গতকাল একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্ত বখাটেরা হলেন পাকশীর চররূপপুর গ্রামের হাসান আলী (১৯), বাঁধন ফকির (১৮) ও নতুন রূপপুর গ্রামের মোহাম্মদ রকি (১৯)। এঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।