বখাটেদের গ্রেপ্তারের দাবিতে পরীক্ষা বর্জন করে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় জড়িত বখাটেদের গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে সিলেট সদর উপজেলার সাহেববাজার উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয়ের ষাণ্মাসিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গতকাল।শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই এক ছাত্রী বিদ্যালয়ে আসার পথে ইভ টিজিংয়ের শিকার হয়। ওই ছাত্রী জানায়, স্থানীয় দুই যুবক তাকে উত্ত্যক্ত করে। ঘটনাটি পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদকে জানানো হলেও প্রতিকার পাওয়া যায়নি। বরং ওই যুবকেরা পাল্টা হুমকি দেয়। গতকাল সকালে এ খবর বিদ্যালয়ে পৌঁছামাত্র ছাত্রীরা বিক্ষোভে ফেটে পড়ে। ছাত্ররাও তাদের সঙ্গে যোগ দেয় এবং পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করে। এতে পরীক্ষা স্থগিত করে শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা জানায় শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবেন্দ্র সিংহ প্রথম আলোকে বলেন, গতকাল ষাণ্মাসিক পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু বর্জনের কারণে গতকাল বাংলা বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তিনি জানান, বখাটেকে গ্রেপ্তার করার দাবি নিয়ে আগামীকাল মঙ্গলবার পুলিশ ও এলাকাবাসী বৈঠক করবেন। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ বলেন, শিক্ষার্থীদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে পুলিশ সেখানে গিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে ঘটনাটি নিষ্পত্তি করার চেষ্টা করেছে। বিয়ানীবাজার (সিলেট) সংবাদদাতা বলেন, গতকাল উপজেলায় ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চবিদ্যালয়ে ইভ টিজিং প্রতিরোধে সচেতনতামূলক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইভ টিজিং প্রতিরোধে মেয়েদের সাহসী ও সোচ্চার হওয়ার পরামর্শ দেন প্রধান অতিথি জেলা পুলিশ সুপার শাখায়াত হোসাইন।